দুর্গাপুর,নিজস্ব প্রতিনিধি :
দুর্গাপুরে এক বেসরকারি স্কুলের ছাত্রীকে মেরে কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে অভিভাবকরা এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চান। কিন্তু প্রিন্সিপাল শুধু ছাত্রীর মা-বাবার সঙ্গে দেখা করবেন বলে জানান। তাতে প্রথমে রাজি হননি ছাত্রীর বাবা-মা। পরে অভিভাবকদের কয়েকজন ও ছাত্রীর বাবা-মা ভিতরে যান।
শৌচালয় থেকে দেরি করে আসার জন্য কেজি ওয়ানের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছিল দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ ছিল, সোমবার ক্লাস চলাকালীন শৌচালয়ে গিয়েছিল বছর চারেকের ওই ছাত্রী। কিন্তু ফিরতে দেরি হওয়ায় শিক্ষিকা ওই ছাত্রীকে লাঠি দিয়ে মারেন। কানে ফেটে যায় তার। স্কুল থেকে বাড়ি ফিরে ঘটনার কথা বাবা-মাকে জানায় সে। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ওইদিনই ঘটনার কথা জানিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানান ছাত্রীর বাবা-মা। তিনি তদন্তের প্রতিশ্রুতি দেন। কিন্তু দু’দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ না নেওয়া বুধবার স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্রীর বাবা-মা সহ অন্য অভিভাবকরা। তাঁদের অভিযোগ ছিল, প্রিন্সিপাল তাঁদের সঙ্গে দেখা করতে চাননি। এরপর বৃহস্পতিবার ফের স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা।
ছাত্রীর বাবা-মা ও কয়েকজন অভিভাবক ভিতরে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন। তাঁদের ওইদিনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। কিন্তু ফুটেজে অভিযুক্ত শিক্ষিকাই মারধর করছেন কি না তা স্পষ্টভাবে বোঝা যায়নি। অভিভাবকরা শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবি জানান। তখন প্রিন্সিপাল জানান, অভিযুক্ত শিক্ষিকা ইস্তফা দিয়েছেন। তবে তাতে শান্ত হননি অভিভাবকরা। তাঁদের দাবি, “এই অভিযুক্ত শিক্ষিকা নিজে চাকরি থেকে ইস্তফা দেওয়ার অর্থ তাঁকে আপনারা আপনাদের ফুলঝোড়ে যে আরও একটি স্কুল আছে সেখানে পাঠাবেন। তাই ওই শিক্ষিকাকে সাসপেন্ড করুন।” এই দাবিতে তারা প্রিন্সিপালের ঘরের সামনে ধরনায় বসেন। দফায় দফায় অভিভাবকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। স্কুলে এসেছে দুর্গাপুর থানার পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news