চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। অথচ, এ বিষয়ে কোনও ভুমিকা নেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তিনি ঘোষণা করেন, সাধারণ মানুষের যোগাযোগের জন্য সোমবার থেকে আরও ৪০০টি বাস রাস্তায় নামতে চলেছে। হুগলি, হাওড়া, গড়িয়া, বেহালা, ব্যারাকপুর, বারাসতের সঙ্গে এই বাসগুলি শহরের যোগাযোগ রক্ষা করবে। ২০০টি নন এসি বাস চালাবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি। এবং ২০০টি এসি বাস চালাবে একটি বেসরকারি সংস্থা। কোনও ক্ষেত্রেই দেখা মেলেনি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনকি নবান্নের তরফে বাস চালানোর সিদ্ধান্ত ঘোষণা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
তবে এ প্রসঙ্গে বিতর্ক খুঁজতে নারাজ নবান্নের (Nabanna) শীর্ষ আধিকারিকরা। তাদের ব্যাখ্যা, প্রাক্তন পরিবহণ সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সেই অভিজ্ঞতাকে এই সঙ্কটের সময়ে কাজে লাগানো হয়েছে। তার বেশি কিছু নয়। পরিবহণমন্ত্রীকে অবহিত রেখেই সব ব্যবস্থা করা হচ্ছে। তবে বিরোধীরা পরিবহণ দফতর ও মন্ত্রীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছে। তাছাড়া এমন গুরুত্বপূর্ণ সময়ে পরিবহন মন্ত্রী কোথায় গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি নন্দীগ্রামের বিধায়কের ওপর আস্থা হারিয়েছেন ? নাকি শুভেন্দু অধিকারী আর সরকারের কোনো সিদ্ধান্তে অংশ নিতে চাইছেন না? এমনই হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।
শনিবার একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায় নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news