নীল রায়। জন্মদিনেই কি পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়! মঙ্গলবার সকালে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর তাঁর ছোট্ট মেয়েকে নিয়ে দিল্লি রওনা হয়েছেন তিনি। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে তাঁর গেরুয়া শিবিরে যোগদান নিয়ে। যদিও ঘনিষ্ঠ মহলে শোভন জানিয়েছেন, তিনদিনের জন্য আগ্রা, জয়পুর বেড়াতে যাচ্ছেন তিনি। কিন্তু, আচমকা তার রাজধানী যাত্রায় অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। কারণ তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্কের পাট ইতিমধ্যে চুকিয়ে ফেলেছেন দিদির কানন। আর আগামী ৭ জুলাই তাঁর জন্মদিন। মনে করা হচ্ছে ওই দিনই দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিসে তাঁর গলায় উঠতে পারে গেরুয়া উত্তরীয়। গত নভেম্বর মাসে রাজ্যের মন্ত্রী সভা ও মেয়র পদ ছাড়েন শোভন। নিজের পারিবারিক সম্পর্কের সঙ্গে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। লোকসভা ভোটের আগেও বেহালা পূর্বের বিধায়ককের বিজেপিতে যোগদানের কথা শোনা গেলেও তা সম্ভব হয়নি। কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছে। সূত্রের খবর, তাঁর হয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ যাত্রায় তিনিও শোভনের সঙ্গে দিল্লি গিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news