চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সাম্প্রদায়িক হিংসার মামলায় দিল্লি (Delhi Violence) পুলিশের চার্জশিটে এবার সিপিএমের (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব এবং শিক্ষাবিদ জয়তী ঘোষ ও অপূর্বানন্দের নাম। তিনজন ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই চার্জশিট দেওয়া হয়েছে। পুলিশের দাবি, তিন ছাত্রী পুলিশের কাছে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘উসকানি’ দিয়েছিলেন তাঁরা। ফেব্রুয়ারি মাসে ওই সংঘর্ষে সরকারি হিসেবেই ৫৩ জনের মৃত্যু হয়। কয়েকশো মানুষ আহত হন। চার্জশিট প্রসঙ্গে দিল্লি পুলিশ বলেছে, ‘‘নিয়ম মেনেই ছাত্রীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। নিয়ম মেনেই চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে নাম থাকা মানেই কাউকে ‘অভিযুক্ত’ বলা নয়। তবে পরে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ পেলে এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
চার্জশিটে তাঁর নাম থাকা প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri) বলেছেন, “দিল্লি পুলিশ কেন্দ্রের বিজেপি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। পুলিশের এই অবৈধ কাজকর্ম থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বের চরিত্র স্পষ্ট। ওঁরা বিরোধীদের প্রশ্ন, বিক্ষোভকে ভয় পান। সিএএ-র মতো বিভাজনকারী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার দেশের সংবিধান দিয়েছে। আমরা জরুরি অবস্থা হঠিয়েছিলাম। এই জরুরি অবস্থারও মোকাবিলা করব।” এ প্রসঙ্গে যোগেন্দ্র যাদব বলেছেন, “দিল্লি পুলিশ সরকারি ভাবে আমাকে বা ইয়েচুরিকে ষড়যন্ত্রকারী বলে অভিযুক্ত করেনি। তবে যে কোনও সিএএ বিরোধীকেই ষড়যন্ত্রকারীদের বৃত্তে এনে ফেলার সব রকম চেষ্টা দিল্লি পুলিশ করছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news