সূর্য সরকার:
অবশেষে সারধা গোষ্ঠীর থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিলেন অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ইতিমধ্যেই তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে গিয়ে টাকা ফেরত দিয়েছেন। শতাব্দী চেক মারফত ২৯ লক্ষ টাকা ফিরিয়েছেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি সারধাকাণ্ডের তদন্তে জেরা করতে চেয়ে ইডি শতাব্দী রায়কে তলব করে। এরপরেই পাল্টা চিঠি দিয়ে ইডিকে টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অভিনেত্রী সাংসদ।
ইডি সূত্রে খবর, সারধা গোষ্ঠীর একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী। তাঁর সঙ্গে কত টাকার চুক্তি হয়ে ছিল কোম্পানির, তা জানতে চেয়ে তাঁকে নোটিশ পাঠানো হয়। কিন্তু সে সময় সংসদে ব্যস্ত থাকায় শতাব্দী রায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা হতে পারেননি। যা ইডিকে চিঠি দিয়ে সবিস্তার জানিয়েছিলেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে সারধাকাণ্ডে অভিযুক্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীও টাকা ফিরিয়ে ছিলেন। মিঠুন ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা ফিরিয়ে দিয়েছিলেন ইডিকে। সে সময় তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন। মিঠুন প্রথমে টাকা ফেরতের বিষয়ে ইডির কাছে ইচ্ছাপ্রকাশ করেন, পরে ওই অঙ্কের একটি ড্রাফ্ট করে আইনজীবীর মাধ্যমে ইডির কাছে পৌঁছে দেন বলে জানা যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news