ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত বিধাননগরের মেয়র পদ ছাড়লেন সব্যসাচী দত্ত। বহু টানাপোড়েনের পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের রাজারহাট-নিউটাউন-এর বিধায়ক।
পদত্যাগের কথা ঘোষণা করার পাশাপাশি সব্যসাচী এদিন দাবি করেন, নৈতিকভাবে তাঁরই জয় হয়েছে। কারণ বুধবারই কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কাউন্সিলারদের আনা অনাস্থা প্রস্তাবকে বৈধতার প্রশ্নে খারিজ করে দিয়েছে। এদিন তাঁর আরও বক্তব্য, দলেরই একাংশ জমি ভরাট করছিল। তাতে বাধা দেওয়াতেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। কিছু স্বার্থান্বেষী মানুষের কাজে বাধা দিয়েছিলাম। বেআইনি নির্মাণ আর জলাভূমি ভরাট করা নিয়ে পর পর পদক্ষেপ নিয়েছি। এফআইআর করেছি। আর তার জন্যই আমাকে অনেকে মেনে নিতে পারেনি অনেকেই।
বিধাননগর পুরনিগমের মেয়র হিসেবে তিনি কেমন কাজ করছেন তার প্রমাণ নিজেই দেন সদ্য পদত্যাগী মেয়র। দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের প্রশংসাসূচক চিঠি।
তবে রাজনৈতিক মহলের বক্তব্য, নাম না নিলেও সব্যসাচী এদিন যাঁদের স্বার্থান্বেষী বলেছেন, তাঁরা আসলে তৃণমূল কংগ্রেসের দুই নেতা সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সব্যসাচী কি এবার দল ছাড়বেন? তিনি কি বিজেপিতে যোগ দেবেন?
এদিনও সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি সব্যসাচী দত্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news