চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নতুন কমিটিতে তাঁদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিরোধীদের আক্রমণ। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের রাজ্য কমিটিতে থাকলেও, তাঁদের আর বেশী প্রকাশ্যে আনা হবে না। কাজ করতে দেওয়া হবে অন্তরাল থেকেই।

কথা হচ্ছে তৃণমূলের রাজ্য কমিটির নতুন দুই সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও ছত্রধর মাহাতোকে নিয়ে। ২৩ জুলাই কালীঘাট থেকে দলের রাজ্য তথা জেলা শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন রাজ্য কমিটির পাশাপাশি, জেলা কমিটির গঠন করে দেন তিনি। দেখা যায় জেলা থেকে রাজ্য, সর্বস্তরের নতুন মুখের ওপর আস্থা রেখেছেন দলনেত্রী।

তাঁর ভরসার এই তালিকাতেই দেখা যায় সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay) ও জেল থেকে ছাড়া পাওয়া জনসাধারণের কমিটির এক সময়ের নেতা ছত্রধর মাহাতোর নাম। দু’জনকেই রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। কিন্তু এই দুই নেতার নাম প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির থেকে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং। বিজেপির (BJP) পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে, এই দুই নেতার নাম নিয়ে আক্রমণ শানিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের শাসকদলকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যৌন কেলেঙ্কারি সম্বন্ধীয় বহু ছবি শেয়ার করে প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে।

একইভাবে প্রশ্ন তোলা হচ্ছে, কীভাবে নাশকতার সঙ্গে যুক্ত থাকা একজন ব্যক্তিকে রাজ্যের শাসক দল নিজের রাজ্য নেতৃত্বে শীর্ষস্থানে বসাতে পারে ? ২০১০ সালের জ্ঞানেশ্বরী কাণ্ডের কথা টেনে আনছেন বিরোধীরা।যেখানে মাওবাদীদের সঙ্গে যোগসাজশ করে এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছিল ছত্রধর মাহাতোর (Chhatradhar Mahato) বিরুদ্ধে। প্রশ্ন তোলা হচ্ছে, রাষ্ট্রবিরোধী মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তিকে কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অধীনে থেকে কাজ করার সুযোগ দিচ্ছেন? পাশাপাশি ছত্রধরের দাদা শশধর মাহাতো যে মাওবাদী অ্যাকশান স্কোয়াডের সদস্য ছিলেন সে কথাও ফলাও করে প্রচার করা হচ্ছে। এমনই সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে তৃণমূল (TMC) নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, সদ্য রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পদে বসানো ওই দুই নেতাকে কোনওভাবেই প্রকাশ্যে আনা হবে না। বরং দলের অভ্যন্তরে থেকেই কাজ করতে বলা হবে তাদের।

কারণ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে যে সমস্ত তথ্য এতদিন প্রকাশিত হয়েছে, জনমানসের তাঁর ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, কমেছে গ্রহণযোগ্যতাও। তাঁর নাম তৃণমূল শীর্ষ নেতৃত্বের তালিকায় চলে আসায় ঋতব্রতর সঙ্গে সমালোচিত হচ্ছে দল। সঙ্গে ছত্রধর মাহাতোর সঙ্গে মাওবাদীদের যোগসাজশের অভিযোগ একেবারে প্রমাণিত, তা জানে তামাম দুনিয়া। জঙ্গলমহলে জোড়াফুলের রাজনৈতিক জমি ফেরতের কাজে ছত্রধরকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দল। তবে সমালোচনার চাপে পড়ে সে কাজও তাঁকে অন্তরালে থেকেই করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news