চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
পদে ছিলেন না, তাই সরানোর প্রশ্ন নেই, রত্না বিতর্কে নতুন অ্যঙ্গেল যোগ করলেন অতীন ঘোষ। প্রাক্তন ডেপুটি মেয়র তথা কলকাতা পুর নিগমের প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অতীন ঘোষ। এদিন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীকে দল থেকে দায়িত্ব থেকে সরানোর প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে তিনি বলেছেন, “রত্না চট্টোপাধ্যায় দলের কোনও সাংগঠনিক দায়িত্বে ছিল বলে আমার জানা নেই। আমরা পুরসভার কাজে যখন ওখানে যেতাম, কখন ওখানকার বহু মানুষ জন এগিয়ে আসত। এলাকার সমস্যা তুলে ধরতে যেসব মানুষ আসতো তাদের মধ্যে অন্যতম ছিল রত্না চট্টোপাধ্যায়।” এ প্রসঙ্গে প্রাক্তন ডেপুটি মেয়র আরও বলেছেন, “রত্না চট্টোপাধ্যায় দলের কোনও দায়িত্বে আছে এমন নির্দেশ কখনও আমাদের কাছে আসেনি। ওখানে দলের কোনও সাংগঠনিক দায়িত্বে আছেন বা প্রশাসনিকভাবে কোনও দায়িত্ব পেয়েছেন এমন তা আমাদের জানা নেই।” তিনি আরও বলেন, “যখন তিনি কোনও দায়িত্বেই ছিলেন না, তখন তাঁকে কোনও পদ থেকে সরানোর কথা আসতেই পারে না। দায়িত্বে থাকলেই তবে তাঁকে সরানো যায়।”
রত্না চট্টোপাধ্যায়কে কী ১৩১ নম্বর ওয়ার্ডের যাবতীয় দায়িত্ব থেকে ছেঁটে ফেলার পর শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee) দলে ফিরবেন ? এমন প্রশ্নের উত্তরে অতীন বলেছেন, “এটা দলের শীর্ষ নেতৃত্বের বিষয়। এই বিষয়টির তারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন এক্ষেত্রে আমার কিছু বলার নেই।” প্রসঙ্গত, সোমবার তৃণমূল সূত্রে জানানো হয়, রত্না চট্টোপাধ্যায়কে দল তথা ১৩১ নম্বর ওয়ার্ডের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় স্নেহের কাননকে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছেন দিদি। অবশ্য তৃণমূলের (TMC) কোনও মুখপাত্র প্রকাশ্যে রত্নাকে দায়িত্ব থেকে সরানোর কথা ঘোষণা করেন নি। এমন পরিস্থিতি দেখে তড়িঘড়ি সক্রিয় হয় গেরুয়া শিবির। রাতেই শোভনের গোলপার্কের ফ্ল্যাটে যান কেন্দ্রীয় বিজেপি (BJP) নেতা অরবিন্দ মেনন। সূত্রের খবর বৈঠকের আগে ফোনে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে গোলপার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান অরবিন্দ মেনন। তারপরই স্পষ্ট হয়ে যায় শোভন-বৈশাখীকে রুখতে গেরুয়া শিবিরের সক্রিয় উদ্যোগের কথা।
সোমবার দিনভর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে চলেছে রাজনৈতিক টানাপোড়েন। সূত্রের খবর, শোভন বৈশাখী দলে ফিরতে শর্ত দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রত্না চট্টোপাধ্যায়কে দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলার শর্ত দিয়েছিলেন তারা। তাদের দাবি ছিল, রাজ্যের প্রথম সারির কোনও তৃণমূল নেতা সাংবাদিক সম্মেলন করে রত্নাকে বহিষ্কারের কথা ঘোষণা করুন। কিন্তু সোমবার তেমনটা না করে আপনার যাবতীয় দায়িত্ব থেকে রত্নাকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমে। যা ভাল চোখে দেখেননি শোভন-বৈশাখী। ফোন করে দায়িত্ব থেকে সরানোর কথা জানান নি রত্না চট্টোপাধ্যায়কে।
রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূলের সবরকম দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি যেভাবে করা হয়েছে তা মনঃপুত হয়নি তাদের। তাই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তীব্র অনীহা দেখিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতা অরবিন্দ মেনন (Aravind Menon) গোলপার্কের বাড়িতে বৈঠক করেছেন শোভন-বৈশাখী। মেননের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শোভন শিবির সূত্রে খবর, বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আশ্বস্থ হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আপাতত শোভনের ‘ঘর ওয়াপসি’ আটকে গেল বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news