কিশোর ঘোষ

মানসচক্ষে দেখুন, কুরুক্ষেত্র থামেনি, যুদ্ধ চলছে। ভারতীয় রাজনীতির ক্যামেরায় দেখুন। কী ভাবছেন? লালকৃষ্ণ আডবানির সেই রথের কথা বলছি? না না, সে কথা হচ্ছে না। গান্ধারির মতো চোখে পট্টি বেঁধে থাকলে যা বলছি তা মগজে ঢুকবে না, বরং মহামতি বিদুর হয়ে উঠুন। ওই দেখুন, ‘কৌরব’ ‘পাণ্ডাবে’র রথ পাই পাই ছুটছে। মানতেই হবে এও এক ধরনের রথযাত্রা। রাজনীতির রথযাত্রা। তবে কে ‘কৌরব’ আর কে ‘পাণ্ডব’ বলব না। কিন্তু রথে উপবিষ্ট যোদ্ধাই তো রথী, বা মহারথী। তো সেই ‘রথী’ ‘মহারথী’দের বিশ্রামের কোনও বালাই নেই।
যেমন ধরুন, ভালো হোক মন্দ হোক বাংলায় মমতার রথ ভালোই ছুটছে। অন্তত ভোটের রাজনীতির নিরিখে। অপরপক্ষে সিপিএমের রথটাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না! যোদ্ধাদের চুল পেকেছে, চামড়া কুঁচকেছে, হাল ছেড়ে দিয়েছে সারথিরা। এভাবেও ভাবতে পারেন যে ওঁদের রথের চাকা দাতা কর্ণের মতো মাটিতে বসে গেছে। এখন শুধু পাতাল প্রবেশটুকুই বাকি। উল্টো দিকে বিজেপি নতুন খাঁটি সাল কী সেগুনকাঠের রথ নিয়ে ময়দানে নেমে পড়েছে হা-রে-রে-রে রবে। পঞ্চায়েত ভোটে মন্দ ছুটল না মুকুল রায়দের রথ। তৃণমূলের মহারথীদের একচ্ছত্র আধিপত্যের মধ্যেও লড়াই দিয়েছেন ওঁরা। তবে সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বড় থেকে ছোট সেনারা কতকটা দুর্যোধন স্টাইলে বুঝিয়ে দিয়ছেন—বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র-পুরুলিয়া। (গোটা বাংলার কথা ছেড়েই দিলাম।) কিন্তু দিলীপ ঘোষের বোম্বাস্টিক বুলি লাইভ কুরুক্ষেত্রে চ্যানেলের খবরে থাকছে সব সময়। তারপর রাহুল সিংহ-র গর্জন। অবশ্যি হঠাৎ বড্ড শান্ত হয়ে যান ভদ্রলোক। এইখানে একটা প্রসঙ্গ না তুললেই নয়, ঠিকঠাক বিরোধী রথের দেখা পাচ্ছি না কেন আমরা?
এই ভাগাড় কাণ্ড হল, এই ভর্তির তোলাবাজি চলছে, এমন সুযোগে ময়দানে বিরাট করে রথ ছোটানো যেতো না? হয়তো সেক্ষেত্রে মহাবাংলার যুদ্ধে খানিক এগিয়ে থাকতেন ওঁরা। কিন্তু কোথায় কী! এক মুকুল রায় ছাড়া! এই লোকটা সত্যিকারের মহারথী মানতেই হবে। আজ কলকাতায় তো কাল পুরুলিয়ায়, পরসু দিন বলরামপুর, তরসু দিল্লিতে। দেখা করছেন স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে। মিটিং, মিছিল, প্রতিবাদ…. সব তিনি। তবে এ অতি সামান্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহা মহা মহা রথিকে হারাতে হলে রথ ছোটাতে হবে কনকর্ড গতিতে। যতোই পেছন থেকে অমিত শাহ কী নরেন্দ্র মোদীর মতো ভারত বিজয়ী বীর সেনাপতিরা সাহাহ্য করুন, তবুও বঙ্গ রাজনীতির কুরুক্ষেত্রে জয়যুক্ত হতে হলে মমতা স্টাইলে বিরোধী-রথ চালানো শিখতে হবে।
পেশাদার যোদ্ধা তো সেই যে শত্রুর কাছ থেকেও যুদ্ধের মেধাবী কৌশল শিখে নেয়। ভুল বললাম?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news