সূর্য সরকার।
পুজোর কার্নিভালে এবারেও থিমের ছোঁয়া। রেড রোড জুড়ে ‘রাঙা মাটির দেশ’ থিমের ওপরে বসবে কার্নিভালের আসর। সূত্রের খবর, রাঙামাটির জেলা বাঁকুড়া ও বিষ্ণুপুরের পোড়া মাটির মন্দিরের আদলে কার্নিভালের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার হবে এই কার্নিভাল। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রের খবর, এ বছর শহরের ৭৯টি এবং সংলগ্ন জেলা থেকে আরও কয়েকটি প্রতিমা আসবে ওই উৎসবে। ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দুপুর ২টোর মধ্যে প্রতিমা নিয়ে পৌঁছে যেতে হবে। রেড রোড জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ।
হাজার পাঁচেক বসার আসন থাকছে। কলকাতায় অবস্থিত প্রতিটি বিদেশি দূতাবাসের কর্তা-সহ শিল্প ও সংস্কৃতি জগতের লোকজন এবং শহরের বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। সাধারণ মানুষও থাকতে পারবেন দর্শক হিসেবে। এই বছরের থিম রাঙা মাটির বাংলা। বাঁকুড়ার (Bankura) পোড়ামাটির শিল্পে সাজছে অনুষ্ঠান মঞ্চ। বাংলার এই শিল্পকে আমন্ত্রিতদের সামনে তুলে ধর হবে বলে জানা গিয়েছে।
এমনকি পুজোর এই কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও (Jagdeep Dhankhar)। রাজভবন সূত্রের খবর, গ্রহণ করা হয়েছে সেই আমন্ত্রণ। আগামী শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাত জেগেও চলছে কাজ। সে কাজে বিস্তর বাধ সেধেছে প্রকৃতি। দশমীর পর থেকেই বৃষ্টিতে স্নান করছে কলকাতা। সেই অবস্থায় মঞ্চসজ্জা নিয়ে হিমসিম খাচ্ছেন শিল্পীরা। তবে কাজে কোনও খুঁত থাকা চলবে না। কারণ এই অভিনব অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট প্রতিনিধি।
পুজোর কয়েক মাস আগে থেকেই দিন-রাত এক করে চমক দেওয়ার লড়াইয়ে নামেন উদ্যোক্তারা। দ্বিতীয়া কিংবা তৃতীয়ায় পুজোর উদ্বোধন হওয়ার পরেই সেই মণ্ডপে যত জনতার ঢল নামে, ততই নিজেদের প্রচেষ্টাকে সার্থক বলে মনে করেন কর্মকর্তারা। তবে সেটা প্রায় দশ দিনের ‘লড়াই’ হলেও কার্নিভাল মাত্র এক দিনের। তাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত অতিথিদের সামনে কোন পুজো কমিটি বাকিদের টেক্কা দেবে, তা নিয়েই শুরু হয়েছে ঠান্ডা লড়াই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news