ওয়েব ডেস্ক:
ফণী থেকে রক্ষা পেতে এবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত স্কুলে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, উপকূল লাগোয়া এলাকায় যেখানে ফণির জন্য সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ছুটি দেওয়া হচ্ছে নিরাপত্তার খাতিরে। আর যেখানে সতর্কতা নেই, সেখানে এই ছুটি বর্ধিত গরমের ছুটি হিসাবে ধরা হবে। অর্থাত্ সরকারি ও সরকার অনুমোদিত স্কুলে কাল থেকেই গরমের ছুটি পড়ে গেলো। জানা গিয়েছে, প্রয়োজনে ছুটি মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে পরে।
প্রসঙ্গত, দুর্যোগ পরবর্তী বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়ন। পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকে মোতায়েন হয়েছে এনডিআরএফের একটি দল। এদিকে গতকাল থেকেই দিঘায় পর্যটক ও বাসিন্দাদের সতর্ক করার জন্য প্রচার চালাচ্ছে এনডিআরএফ কর্মীরা। দীঘা, মন্দারমণির মতো রাজ্যের সমস্ত সমুদ্র তীরবর্তী পর্যটনকেন্দ্রগুলি বন্ধ থাকবে আগামী বেশ কয়েক দিন। এনডিআরএফের ৬ টি এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রামের সাঁকরাইল, পশ্চিম মেদিনীপুরের নায়ারণগড়, খড়গপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, উত্তর চব্বিশ পরগনার ধামাখালি ও হাসনাবাদে রয়েছে এই দলগুলি। ফণি আছড়ে পড়ার সময় ও তার আগে-পরে কী কী সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে তা গ্রামবাসীদের বোঝাচ্ছেন তাঁরা। চলছে লাগাতার প্রচার। পরিস্থিতি মোকাবিলার রণকৌশল স্থির করতে আজ নবান্নে আপাতকালীন বৈঠকও করেন এনডিআরএফের ডেপুটি কম্যান্ডান্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news