চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) জেরে লকডাউনের পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিমবঙ্গে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেই জানিয়েছে স্বাস্থ্য ভবন। এই সময়ে যে ৬৬টি নমুনা পরীক্ষার জন্য গিয়েছিল, তার সবগুলিরই ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন। কলকাতায় এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২১৭ জন বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
বুধবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত দেশ থেকে আসা ২৭,১০৭ জনকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১,৮১৮ জনের নজরদারির সময়সীমা পেরিয়ে গিয়েছে। ২১৭ জন আইসোলেশনে রয়েছেন। বাকি ২৫ হাজার ০৭২ জনকে এখনও বাড়িতে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এই বুলেটিনে আরও দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত ২৪৪ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২৩৩ জনের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত নয়জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়েছে। আরও দু’জনের রিপোর্ট আসা এখনও বাকি আছে। যাঁরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল।
ইতিমধ্যে বেলেঘাটা আইডি ছাড়াও, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রাজারহাটের কোয়ারেন্টাইন কেন্দ্রের পাশাপাশি আরও একটি কোয়ারেন্টাইন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এককথায় পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ মার্চ করোনা ভাইরাসকে বিশ্বজুড়ে মহামারী ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। তারপরেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার সর্তকতা জারি করে। সম্প্রতি লকডাউন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের ডাক দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news