চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারত বিরোধী মন্তব্যের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র পদত্যাগ চাইলেন তাঁরই দল নেপাল কমিউনিস্ট পার্টির (Nepal Communist Party) একাংশ শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বালুওয়াটারে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির বৈঠক। সেই বৈঠকে তাঁর পদত্যাগের জন্য সওয়াল করেছেন ওলির সতীর্থরাই। দাবির স্বপক্ষে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’ বলেছেন, “প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন যে ভারত তাঁকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে, তা রাজনীতিগত ও কূটনৈতিক কোনও দিক দিয়েই ঠিক নয়। প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করতে পারে। তাই তাঁর উচিত পদত্যাগ করা।”
প্রসঙ্গত, রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (K P Sharma Oli)। ভারত বিরোধী অবস্থান নিয়ে তিনি বলেছেন, “নেপালের সংবিধান সংশোধনের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দিল্লি। নতুন মানচিত্র তৈরির জন্যই আমার প্রতিপক্ষদের উসকানি দিয়ে সরকার ফেলার চেষ্টা করছে। না হলে নেপালের সংবিধান সংশোধনের বিষয় নিয়ে দিল্লিতে বৈঠক করার কী দরকার? এর পিছনে আসল উদ্দেশ্য হল আমার সরকারকে ক্ষমতা থেকে সরানো।” ওলি আরও বলেছেন, “যদিও এই চেষ্টায় কোনওভাবেই সফল হবে না তারা। কারণ নেপালের জাতীয়তাবাদ অত ঠুনকো নয় যে কেউ বাইরে থেকে সরকার ফেলে দেবে। আমিও কোনওভাবে বাইরের কোনও শক্তির কাছে মাথা নোয়াব না। কারণ আমি সরে গেলে নেপালের জাতীয়তাবাদ ও সীমানা নিয়ে দাবি জানানোর আর কেউ নেই।”
তাঁর এই মন্তব্যেই চটেছেন নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। দলের প্রথম সারির নেতারাও প্রধানমন্ত্রী ওলি-র কাছে দাবি জানিয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন তার প্রমাণ দেখাতে হবে। যদি তা দেখাতে না পারেন তো পদত্যাগের দাবি জানিয়েছেন তাঁরা। এই নেতাদের আরও দাবি, এই ধরনের অ-কূটনৈতিক ও অ-রাজনৈতিক মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-র উচিত নিজে থেকেই পদত্যাগ করা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news