নীল রায়:
চন্দ্রবাবু নাইডুর ইংরেজি ভাষণ বুঝতেই পারলেন না লালগড়ের আমজনতা। বুধবার পশ্চিম মেদিনীপুরের লালগড় খেলার মাঠে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে নির্বাচনী জনসভায় হাজির ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সেখানেই ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীও। মূলত তাঁর উদ্যোগেই লালগড় এসেছিলেন চন্দ্রবাবু। শুভেন্দুই অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে লাল মাটির বাসিন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপরেই ইংরেজিতে বক্তৃতা শুরু করেন তিনি। প্রায় মিনিট ২০ বক্তৃতা দেন। দক্ষিণী উচ্চারণে ইংরেজি ভাষণ সভায় আগত বেশিরভাগ তৃণমূল কর্মীরাই বুঝতে পারেননি। তাই নরেন্দ্র মোদিকে চোখা চোখা বাক্যবাণে আক্রমণ করলেও খুব একটা হাততালি পাননি চন্দ্রবাবু। এক সময় মঞ্চে উপস্থিত নেতারাই অস্বস্তিতে পড়ে যান। কোনওরকমে বক্তৃতা শেষ করিয়ে তাঁকে নিয়ে লালগড় ছাড়েন শুভেন্দু অধিকারী।
মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বাংলায় প্রচারে এসেছিলেন চন্দ্রবাবু। কিন্তু তা থেকে কোনও রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল ব্যর্থ হল। আগামীকাল বৃহস্পতিবার খড়গপুরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রচার করবেন অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী। মূলত খড়গপুর সদর বিধানসভার তেলেগু ভোটারদের কথা মাথায় রেখেই তাঁকে দিয়ে সেখানে প্রচার চালানো হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news