চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy) ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় নারদ স্টিং অপারেশনে (Narada Sting Operation) তাঁর হাত থেকে টাকা নেননি বলে জানালেন ম্যাথু স্যামুয়েল। ব্যক্তিগত কাজে কলকাতায় এসে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআইয়ের (CBI) দফতরে যান তিনি। ম্যাথু বলেন, ‘‘মুকুল রায়ের কাছে টাকা নিয়ে যাওয়ার পরে তিনি বর্ধমানের তদানীন্তন পুলিশ সুপার এসএমএইচ সৈয়দ হোসেন মির্জাকে তা দিতে বলেন। আমি ওই পুলিশকর্তাকে টাকা দিয়ে আসি।’’ তিনি আরও বলেন, ‘‘সাংবাদিক হিসেবে স্টিং অপারেশন করেছিলাম। সেখানেই যা প্রমাণ করার করেছি। সিবিআই ও ইডি-র সঙ্গে সহযোগিতা করেছি। কে দল বদলালেন, সেই বিষয়ে কিছু বলার নেই।’’
প্রসঙ্গত, ২০১৪ সালে নারদা স্টিং অপারেশন করলেও তা প্রকাশ্যে আসে ২০১৬ সালের বিধানসভা ভোটের সময়। ফলে সেই সময় বেজায় অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারণ ম্যাথুর স্টিং অপারেশনে একে একে ধরা পড়েন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজনৈতিক নেতা। পুলিশ কর্তা এসএমএইচ সৈয়দ হোসেন মির্জাকেও টাকা নিতে দেখা যায় স্টিং অপারেশনে। স্টিং অপারেশনে’ মুকুল রায়কে দেখা গেলেও সরাসরি হাতে টাকা নিতে দেখা যায়নি তৎকালীন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ম্যাথু স্যামুয়েল (Mathew Samuel) এদিন অবশ্য সে কথাই স্পষ্ট জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news