নীল রায়। সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিহিত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে একজন তৃণমূল কর্মীর সঙ্গে মারা যান তিন বিজেপি কর্মীও। বিজেপি-তৃণমূল সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হতেই টুইট করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান প্রাক্তন রেলমন্ত্রী। টুইটে মুকুল সরাসরি তিন বিজেপি কর্মীর হত্যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি লেখেন, “সন্দেশখালিতে তিন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি দায়ী।” মুকুল আরও লেখেন, “এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যাব।” প্রসঙ্গত গত ৫ বছর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে ছিলেন রাজনাথ সিং। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও তিনি ছিলেন অনেক নরমপন্থী। কিন্তু বিজেপি সভাপতি এবার গোড়া থেকেই স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে। তাই এই ঘটনায় বিজেপি যে হাত গুটিয়ে বসে থাকবে না তাই কার্যত বুঝিয়ে দিতে চেয়েছেন মুকুল। সূত্রের খবর, সন্দেশখালি যেতে পারে বিজেপির একটি সংসদীয় প্রতিনিধিদল। তবে কর্মসূচি পুরোপুরি স্থির না হলে এখনই প্রকাশ্যে কোনও কিছু ঘোষণা করতে নারাজ পদ্ম শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news