চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মাঠ প্রস্তুত। ড্রিংকসের পরেই স্লগ ওভারের খেলা শুরু। শেষ
ওভারে বিপক্ষের পারফরমেন্স আশানুরুপ নয়। যে ওভারে উইকেট পাওয়ার কথা সেই ওভারেই এক গাদা নো আর ওয়াইড করে ফেলেছে তারা! মুকুল রায় দিল্লি গেছেন। রাজধানী থেকে পাওয়া খবর ফেরার উড়ানে পায়ে প্যাড পরেই ফিরবেন মুকুল। এসে গ্লভস পরে হাতে ব্যাট তুলে নেওয়ার অপেক্ষা। স্লগ ওভারে ঝোড়ো ব্যাট করে ম্যাচ বের করার দায়িত্ব তাঁরই কাঁধে।
খবরে প্রকাশ, আগামী আগস্ট মাস থেকেই রাজ্য বিজেপিতে মুকুল যুগের শুরু। মঙ্গলবার শহীদ দিবস উপলক্ষে কালীঘাট থেকে ভার্চুয়াল সভা করে কার্যত নেতাকর্মীদের একুশের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শহীদ দিবস নামক ওভারে নেত্রীর উল্লেখযোগ্য বল বলতে, একটি বিনা পয়সায় রেসন আর একটি ‘বহিরাগতরা বাংলা শাসন করবে না’ মার্কা উগ্র প্রাদেশিকতার গন্ধ মাখানো গুড লেংথ। দুটো বলই হাওয়ায় উড়িয়েছে বিজেপি। রেসন প্রসঙ্গে বলেছে, ভিক্ষা নয় কর্মসংস্থান চাই। আর বহিরাগত প্রসঙ্গে তাদের বক্তব্য একেবারে সোজাসাপটা। ‘ঠিকই তো বাংলা থেকেই তো নতুন মুখ্যমন্ত্রী হবে’, দিল্লি থেকেই বলেছেন মুকুল রায়।

নির্ঘন্ট অনুযায়ী আগামী বছর মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে বাংলায় সাধারণ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। করোনা ভাইরাসের সংক্রমনের আবহে ২৯৪ আসন বিশিষ্ট বিধানসভায় কবে নির্বাচন পরিচালিত হবে তা নিয়ে রয়েছে বড়সড় প্রশ্ন চিহ্ন। করোনা বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর বা খুব বেশি হলে অক্টোবর নভেম্বর নাগাদ দেশে করোনার মাতব্বরি কমে যাবে। সেই হিসেব মাথায় রেখেই ঘুটি সাজাচ্ছেন অমিত শাহ। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই মুকুলের সঙ্গে বৈঠক সেরেছেন শাহ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুকুলের থেকে পশ্চিমবঙ্গ আশা করছে গেরুয়া নেতৃত্ব। তাই সপ্তাহব্যাপী বৈঠক পর্ব শুরু হওয়ার আগেই মঙ্গলবার দিল্লিতে ডেকে পাঠানো হয় মুকুল রায়কে (Mukul Roy)। প্রায় পৌনে তিন বছরের পরিশ্রম, ঘরে বাইরে নিরন্তর লড়াই, উল্টো দিকে মমতা। তিনি মুকুলের খেলার ধরন জানেন। তাই খেলার নতুন পদ্ধতি আবিষ্কার। নিজেকে মেঘের আড়ালে রাখা। এত কিছুর পর কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সারথির ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন মুকুল রায়। সারথির দায়িত্ব নিলে কিছু অলঙ্কারে ভূযিত হতেই হয়। মন্ত্রীত্ব, সংগঠনে উচ্চপদের মত অলঙ্কার অনেকদিন আগে থেকেই প্রস্তুত ছিল। গলায় পরার সঠিক সময় টা এতদিনে এসেছে। অমিত শাহ ও জেপি নাডডার (JP Nadda) হাত থেকে সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পরে ‘মিশন বেঙ্গল’ শুরু করবেন মুকুল। কিন্তু দিল্লির রাজনৈতিক কারবারীদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই মন্ত্রীসভার রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংগঠনের বদলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন প্রাক্তন রেলমন্ত্রী।

২০০৯ সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্টকে ধাক্কা দিতে মমতার ভাবমূর্তির সঙ্গে মুকুলের ভোট যুদ্ধের কৌশল কাজে এসেছিল তৃণমূল নেতৃত্বের। তখন থেকে শুরু হয়েছিল পরিবর্তনের যাত্রা। সেই বৃত্ত সম্পূর্ণ হয়েছিল ২০১১ সালের বিধানসভা নির্বাচনে। পদ্ম শিবিরেও মুকুল নিজের ভোট কৌশল দেখিয়ে ১৮টি আসন যেমন জিতিয়েছেন। তেমনি এক ধাক্কায় তৃণমূলের (TMC) সাংসদ সংখ্যা ৩৪ থেকে নামিয়ে এনেছেন ২২-এ। আবারও অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডা বিধানসভা ভোটে তেমনই সাফল্যের আশা করছেন। মনে করা হচ্ছে, সর্বভারতীয় কোনও সাংগঠনিক পদ দেয়ার পাশাপাশি, লোকসভা ভোটের মতই মুকুল রায়কে দেওয়া হতে পারে নির্বাচন কমিটির প্রধানের পদ। তাই জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লি থেকে ফিরেই আগস্ট থেকে বিধানসভা নির্বাচনের ঘুটি সাজানোর কাজ শুরু করতে পারেন মুকুল।

যেই কারণে বৈঠকের আগের দিনই আবার অমিত শাহের জরুরি তলবে দিল্লিতে পৌঁছে যান মুকুল রায়। সপ্তাহব্যাপী বৈঠক শুরুর আগেই দলে বা সরকারে মুকুলের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে অমিত শাহ কথা সেরে নিতে পারেন বলে বিজেপির একটি সূত্রের দাবি। বুধবার থেকেই দিল্লিতে বিজেপির এই বিশেষ বৈঠক শুরু হচ্ছে। ২২ জুলাই থেকে বৈঠক শুরু হচ্ছে। ২৭ জুলাই পর্যন্ত অর্থাৎ ছ’দিন চলতে পারে এই বৈঠক। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে এর সময়সীমা । সুব্রত চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো, সঞ্জয় সিংহ, রবীন্দ্রনাথ বসু, রাহুল সিংহর মতো নেতাদের পাশাপাশি সমস্ত সাংসদ ও বেশ কিছু জেলা সভাপতিও দিল্লি গিয়েছেন। বিজেপি সূত্রে খবর, টানা প্রায় এক সপ্তাহ ধরে দিল্লিতে থেকে দফায় দফায় বৈঠক করবেন তাঁরা। কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার মূল পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দুই সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশ ছাড়াও গুরুত্বপূর্ণ দিনে বৈঠকে বসবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও অমিত শাহও।
ছবি সৌজন্য : দি টেলিগ্রাফ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news