নীল রায়। দমদমে মুকুল রায়ের ওপর হামলার ঘটনা ঘটল। আক্রান্ত হলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও। ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার রাতে প্রচার শেষে নাগেরবাজারে এক পরিচিত বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান মুকুল রায়। ওই অনুষ্ঠানে যোগ দিতে যান শমীকও। প্রধানমন্ত্রীর জনসভার কর্মসূচি শেষ করে দুই নেতা যান ওই জন্মদিনের অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা যায় নাগেরবাজার এলাকার বিজেপি কর্মীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। মুকুল রায় ও শমীক ভট্টাচার্য একসঙ্গে এসেছেন, এমন কথা জানাজানি হতেই অনুষ্ঠান বাড়িতে চড়াও হয় তৃণমূলের বাহিনী। ভাঙচুর করা হয় মুকুল ও শমীকের গাড়ি। উত্তেজিত তৃণমূল কর্মীরা দাবি জানাতে থাকেন, এক্ষুনি মুকুল রায়ের গাড়ি তল্লাশি করতে হবে। প্রচারের সময় শেষ হয়ে যাওয়া সত্বেও, কেন মুকুল দমদম এলাকায় রয়েছেন? এমন প্রশ্ন তোলার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এলাকার টাকা বিলির উদ্দেশ্যে নাগেরবাজার এসেছেন মুকুল রায়। তাই তাঁকে গ্রেফতার করতে হবে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে মুকুল নিজেই ফোন করেন নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। ফোন যায় আইজি আইন-শৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তার কাছেও। তিনি উদ্যোগী হয়ে বাহিনী পাঠালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনা প্রাথমিকভাবে ২৫ জনকে আটক করেছে পুলিশ। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় বলে বেড়াচ্ছেন, “বিজেপির নেতারা টাকা বিলির উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। টাকা বিলি করলেই তাদের হাতেনাতে ধরুন”। তারই ফলস্বরূপ এই ধরনের ঘটনা ঘটছে। আগামী রবিবার দমদমে ভোট। তার আগে মুকুল রায় ও শমীক ভট্টাচার্যের ওপর তৃণমূল কর্মীদের হামলার ঘটনা কমিশনের অস্বস্থি আরও তীব্র করেছে। দমদমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে প্রশ্ন উঠছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও! যেখানে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলের প্রার্থীর ওপর শাসকদলের কর্মীরা হামলা করায়, বাঁচতে তাদের সরাসরি দ্বারস্থ হতে হল নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকের কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news