নীল রায় :
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi) এক ভিডিও বার্তা প্রকাশ করে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস। অথচ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) এক বিবৃতি একটি ভিন্ন প্রশ্ন তুলেছে কংগ্রেস সভানেত্রীর এমন উদ্যোগ প্রসঙ্গে।
রবিবার রাতে এক ভিডিও বার্তা প্রকাশ করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের (Piyush Goel) সঙ্গে তাঁর ফোনালাপের পর পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অধীর এই ভিডিও বার্তাটি প্রকাশ করেন। সেই বার্তায় ক্ষোভের সুরে বহরমপুরের সাংসদ বলেছেন, “রেলমন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গ সরকারকে ট্রেন দিতে রাজি। সঙ্গে যাত্রীদের জন্য ৮৫ শতাংশ ভর্তুকিও দেবেন তিনি। কিন্তু রাজ্য সরকার যদি নিজেদের অবস্থান দিল্লিকে না জানায় সেক্ষেত্রে তাঁর পক্ষে কোনও কিছুই করা সম্ভব নয়।”
এদিন পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিরা সংশ্লিষ্ট রাজ্যের জেলা সভাপতিদের পরিযায়ী শ্রমিকদের যাবতীয় তথ্য অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। রাজ্যভিত্তিক পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করে পাঠানো হবে এআইসিসিতে। সূত্রের খবর, তালিকা এআইসিসির (AICC) হাতে পৌছলেই ট্রেনের ভাড়া দিয়ে সংশ্লিষ্ট রাজ্যের শ্রমিকদের পাঠানোর বন্দোবস্ত করবে তারা। কিন্তু কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর বক্তব্য প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই অধীর চৌধুরীকে জানিয়ে দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৮৫ শতাংশ অর্থ বহন করবে রেল। ১৫ শতাংশ অর্থ বরাদ্দ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
এমন পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রীর ঘোষণা কি অনেকটা ‘ঘোলা জলে মাছ ধরা’র মতো ব্যাপার? কারণ, যখন কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের পাশাপাশি ভর্তুকির বন্দোবস্ত করেছে তখন কংগ্রেস পার্টির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কেন?
এই প্রশ্ন ইতিমধ্যেেই উঠেছে বিভিন্ন মহলে।
কংগ্রেসের ‘এমন রাজনীতি’ প্রসঙ্গে বর্ষীয়ান রাজনীতিক ও বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একহাত নিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে। তাদের কথায়, ‘রাজ্যের শ্রমিক শ্রেণীকে মেকি সাহায্য করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। যে টাকা তারা শ্রমিকদের জন্য খরচ করবেন বলছেন, সেই টাকা বরং নিজেদের পার্টি ফান্ডে রাখুন কংগ্রেস নেতারা।”
যাবতীয় সংশয় কাটিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র চ্যানেল হিন্দুস্তানকে টেলিফোনে বলেন, “যে খরচ (৮৫ শতাংশ) কেন্দ্রীয় সরকার বহন করবে সেই টাকা কেন দিতে যাবে কংগ্রেস?” সোমেন মিত্রের কথায়, “মোট খরচের ১৫ শতাংশ, যেটা রাজ্য সরকারের দেওয়ার কথা, সেই টাকা যদি কোনও রাজ্য সরকার না দেয় তাহলে সেই টাকা কংগ্রেস প্রদান করবে।”
অধীর রঞ্জন চৌধুরী ও সোমেন মিত্রের বক্তব্য থেকে পরিস্কার, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে, খরচের ৮৫ শতাংশ যে মোদি সরকার ব্যায় করবে, তা নিয়ে কোনও সংশয় নেই দুই নেতার। রাজ্য সরকারগুলির মধ্যে কারা ১৫ শতাংশ দেবে আর কারা দেবে না, তা নিয়ে এখনও কংগ্রেসের মনে প্রশ্ন আছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা কি করবেন, সে বিষয়টিও এখনও পরিস্কার নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news