চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে রাজ্যের আর্থিক দাবিদাওয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার নাইসেড সেন্টারে উচ্চক্ষমতা সম্পন্ন কোভিড পরীক্ষার যন্ত্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সেই বৈঠকেই
মমতা বলেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ, আমাদের বকেয়া টাকা দিন। ঘূর্ণিঝড়ের পরে ৩৫ হাজার কোটি টাকা চেয়েছিলাম। কিন্তু এক হাজার কোটি টাকার বেশি পাইনি। ক্ষতিপূরণে এখনও পর্যন্ত সাড়ে ছ’হাজার কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে বাংলার পাওনা রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। সেই টাকা অবিলম্বে দেওয়া হোক। করোনা মোকাবিলায় পরিকাঠামো গড়তে এখনও পর্যন্ত আড়াই হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে।”
রাজ্যের দাবি-দাওয়া পেশ এর পাশাপাশি করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে তাও বিশদে ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যের মানুষকে এই সংকটাকালীন পরিস্থিতিতে পরিষেবা দিতে রাজ্য সরকার সর্বত ভাবে চেষ্টা করছে এবং পদক্ষেপ করছে। বাড়িতে থাকা রোগীদের জন্য টেলি মেডিসিন পরিষেবা থেকে কী ভাবে হাসপাতাল ও বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে।” মমতা আরও বলেন, রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে মোট ৮১টি হাসপাতালে কোভিডের চিকিৎসা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে আরও ২০০-র বেশি আইসিইউ কোভিড বেড বাড়বে।” ল্যাবের সংখ্যা আরও বাড়ানোর দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, “রাজ্যে মোট ৫৬টি ল্যাবে কোভিড টেস্ট হচ্ছে। কিন্তু এর মধ্যে ২৬টি ল্যাব অত্যন্ত ছোট। যেখানে দিনে ১৬ থেকে ৩২টির বেশি নমুনা পরীক্ষা করা যাচ্ছে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news