নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানিং: ২০১১ সালে তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন মাতলা সেতুর। মাতলা নদীর উপর ৬০০ মিটার দীর্ঘ ও ৯ মিটার প্রস্থের এই মাতলা সেতু তৈরির ফলে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং ও বাসন্তী ব্লকের মধ্যে সংযোগ তৈরি হয়। যার ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার মধ্যেও গড়ে উঠেছে সংযোগ। কিন্তু মাত্র সাত বছর আগে তৈরি সেতুর রক্ষনাবেক্ষনের অভাবে বেহাল অবস্থা।
সেতুর উপর দিয়ে ভারী গাড়ি চলাচল করলেই কাঁপতে থাকে সেতুটি। অন্যদিকে সেতুর উপরে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কোথাও বা বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অন্যদিকে সেতুর নীচের দিকে গজিয়ে উঠেছে বট, অশ্বথের মত গাছপালা। এর পাশাপাশি সেতুর থামের নীচ থেকে বালি ও মাটি কেটে নিয়ে গিয়েছে কিছু অসাধু মানুষ। যার ফলে সেতুর থামের গোঁড়া আলগা হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় মানুষদের।
কয়েক বছর আগে একবার সেতুর উপরের ফাটল মেরামতি করা হলেও বর্তমানে নতুন করে বড় বড় ফাটল দেখা দিয়েছে সেতুতে। সুন্দরবন উন্নয়ন পর্ষদ তৈরি হলেও বর্তমানে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের পূর্ত ও সড়ক বিভাগ দেখাশুনা করে সেতুটির। কিন্তু দিনের পর দিন এই সেতুর কোন মেরামতি বা সংস্কার হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন।
আতঙ্কে রয়েছেন মানুষ। দ্রুত এই সেতুর মেরামতি করে এটিকে আরও একটি পোস্তা বা মাঝেরহাটের মত ঘটনা ঘটার হাত থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ নাগরিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news