চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
ফের ক্যানিংয়ে প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরে এক গোষ্ঠীর নেতার বিরুদ্ধে অন্য গোষ্ঠীর নেতাকে খুন করার সুপারি দেওয়ার অভিযোগ উঠল। ক্যানিংয়ের এক তৃণমূল নেতাকে খুনের সুপারি দেওয়ার অভিযোগ উঠল খোদ উপপ্রধানের বিরুদ্ধে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলার যুব সভাপতি ইন্দ্রজিৎ সর্দারের উপর চড়াও হয় দুই দুষ্কতী। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ইন্দ্রজিৎকে আক্রমণ করে দুলাল মণ্ডল ও পার্বতী কয়াল নামে ওই দু’জন দুষ্কৃতীরা। গ্রামবাসীদের তৎপরতায় ওই দুই দুষ্কতীকে ধরে ফেলে তাঁরা। দীর্ঘক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদের পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গ্রামবাসীদের দাবি, চাপের মুখে অভিযুক্তরা জানিয়েছে, ইটখোলার উপপ্রধান খতিব সর্দার যুবনেতা ইন্দ্রজিৎকে খুনের জন্য তাদের সুপারি দিয়েছিলেন।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। এ বিষয়ে ক্যানিং থানার পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আদৌ উপপ্রধান খাতিব সর্দারের কোনও যোগ রয়েছে, নাকি পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, তা শীঘ্রই জানা যাবে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। যদিও এই ঘটনার সঙ্গে নিজের কোনও যোগ নেই বলেই দাবি উপপ্রধান খতিব সর্দারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news