নিজস্ব সংবাদদাতা :
রাজ্য সরকারের ত্রিসীমানা থেকে যত দিন যাচ্ছে সরে আসছেন একে একে বিদ্বজ্জনেরা। কয়েকদিন আগেই পরিবর্তনপন্থী বুদ্ধিজীবী বিভাস চক্রবর্তী, পল্লব কীর্তনীয়া, প্রতুল মুখোপাধ্যায় প্রমুখেরা পঞ্চায়েত ভোটে মনোনয়ন ঘিরে ব্যাপক অশান্তির প্রেক্ষিতে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বুঝিয়ে দিয়েছেন শাসক দলের প্রতি তাঁদের বিরক্তি ও বিরূপতা। এবার রাজ্য সরকারের বাংলা আকাদেমির সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন শাঁওলি মিত্র।
বাম আমলে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে বিদ্বজ্জনেদের সঙ্গে নাট্যব্যক্তিত্ব শাঁওলিও পথে নেমেছিলেন। রাজ্যে পরিবর্তনের সপক্ষে সওয়াল করেছিলেন। পরিবর্তনের পর মমতা ব্যানার্জি অনেক বিদ্বজ্জনকেই নানান সাংস্কৃতিক দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। ২০১২-তে তিনি বাংলা আকাদেমির সভাপতি পদে বসিয়েছিলেন শাঁওলিকে। পদে বসেই শাঁওলি রবীন্দ্র রচনাবলীর আকাদেমি সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। এই ক’বছরে তাঁর উদ্যোগেই অনেক নতুন বই প্রকাশিত হয়েছে এখান থেকে। কিন্তু বেশ কিছুদিন ধরেই কর্মীর অভাবে, কাজের পরিবেশের অভাবে, প্রশাসনিক সহযোগিতার অভাবে একদিকে যেমন কাজ করতে তিনি বাধা পাচ্ছিলেন, তেমনি রাজ্য সরকারের সাথে তাঁর ব্যক্তিগত দূরত্বও বাড়ছিল। শাঁওলি সেই আভ্যন্তরীণ সংঘাত আর বাড়াতে চাইছিলেন না। তাই গত বছর ডিসেম্বরে তিনি মুখ্যমন্ত্রীকে সব কথা জানিয়ে পদত্যাগের জন্য চিঠি লিখেছিলেন। তাঁর একটাই যুক্তি ছিল, যে কাজটা করার জন্য তাঁকে পদে বসানো হয়েছে সেই কাজটাই যদি করতে না দেওয়া হয়, তাহলে পদে থেকে লাভটা কি? কারণ তিনি কাজের টানে পদে বসেছেন, পদের টানে কাজে আসেননি। মুখ্যমন্ত্রী অবশ্য সেসময় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন সমস্যা সমাধানের। কিন্তু এই চার মাসে পার্থবাবু এ ব্যাপারে আশ্চর্যজনকভাবে কোন পদক্ষেপ তো নেননি, এমনকি পদে থাকার ব্যাপারে শাঁওলির সঙ্গে কোন আলোচনাও করেননি। ফলে একরকম বাধ্য হয়েই শাঁওলি এর প্রতিবাদে শিক্ষামন্ত্রী ও আকাদেমিকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আজ রোববার তিনি নিজেই সমস্ত বিষয়টি সংবাদমাধ্যমের কাছে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news