চ্যানেল হিন্দুস্তান ব্যুরো, ঢাকা :
“ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণের সংকটেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন অব্যাহত থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এমন বার্তা নিয়ে আমি বাংলাদেশে এসেছি।” বুধবার ঢাকায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে। তিনি করোনা সংকটে কারো সঙ্গে সাক্ষাৎ করছেন না। কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন।” এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, “প্রতিবেশী দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন বিনিময়ে কাজ করবে ভারত।” বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “কোভিড-১৯ (Covid-19) সংকটে গোটা বিশ্বে সম্পর্কের ব্যাঘাত ঘটেছে। এ বৈঠকে দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে দ্বিপক্ষীয় সকল বিষয় উঠে এসেছে।”
বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়ন, করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে শ্রিংলা ঢাকায় আসেন। সেদিনই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে মোদির ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন তিনি। মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সরাসরি মায়ানমার সফরে যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news