নীল রায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতের মাঝেই একা একা বিধানসভা ঘুরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরে বিধানসভায় আসেন তিনি। গত সপ্তাহেও একদিন বিধানসভা পরিদর্শনে এসেছিলেন তিনি। কিন্তু, সেদিন তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন না কেউ। কিন্তু, এদিন বিধানসভার অতিরিক্ত সচিব ও মার্শাল তাঁকে স্বাগত জানান। সূত্রের খবর, বিধানসভায় এসেই তিনি যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান। যদিও, সেখানে হাজির ছিলেন না স্পিকার।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) দেরাদুন গিয়েছেন। অল ইন্ডিয়া স্পিকার সম্মেলনে যোগ দিতে তিনি কয়েকদিনের জন্য রাজ্যের বাইরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে স্পিকারের ঘরে বেশিক্ষণ না কাটিয়ে অতিরিক্ত সচিব ও মার্শালকে নিয়ে অধিবেশন কক্ষ দেখতে যান রাজ্যপাল, যান লাইব্রেরিতেও। সবকিছু ঘুরে দেখে কিছু বিষয়ে জানতে চান অতিরিক্ত সচিবের কাছে। দেখা শেষে ফের গিয়ে বসেন স্পিকারের ঘরে। কিছুক্ষণ কাটিয়ে রওনা দেন রাজভবনের উদ্দেশ্য। এদিন প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেন “এরকম দুর্দান্ত বিধানসভা আমি দেশের কোথাও দেখিনি।”
গতবার বিধানসভায় কাউকে না পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু, এদিন প্রায় নিঃশব্দেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান তিনি। রাজ্যপাল- মুখ্যমন্ত্রীর সম্পর্ক যে তিক্ততার পর্যায়ে পৌঁছেছে, তা বোঝা গিয়েছে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর পাল্টা চিঠিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব যে এত সহজে কমবে না তাও ওই চিঠি মারফৎ বুঝেছেন জাগদীপ ধনখড়। তবে এদিন বিধানসভা দেখে খুশি মনেই রাজভবন ফিরেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news