চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করে চলেছে, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে তিনি বলেছেন, “যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই চলেছি আর এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার যেভাবে পরিস্থিতি সামাল দিয়ে কাজ করে চলেছেন তা এককথায় অনবদ্য।” তিনি আরও বলেন, “করোনা ভাইরাসের পরিস্থিতিতে যে সমস্ত যোদ্ধারা রয়েছেন তারা যেভাবে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।” প্রসঙ্গত, নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সংঘাত হয়েছে রাজ্যপালের। সরকারের নীতির সমালোচনা করেছেন তিনি। কিন্তু এদিন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর সরকারের কাজে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল।
রাজ্যপাল বলেছেন, “এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষকে ফ্রি-তে রেশন দিচ্ছে তা এককথায় অনবদ্য।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এ রাজ্যে করোনার মধ্যেই কিছুদিন আগে ঘটে গেছে আমফান ঘূর্ণিঝড়। তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তৎপরতা খুব তাড়াতাড়ি সামাল দেওয়া হয়েছে।” অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতির তিনি প্রশংসা করেন। এই শিক্ষা নীতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যে সুবিধা হবে তা তিনি আরও একবার উল্লেখ করেছেন । স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করার সময় সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল। তিনিই পতাকা উত্তোলন করেন। সমস্ত দেশের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news