পার্থসারথি পাণ্ডা :
হাতে গোনা ক’টা দিন পরেই ৫ আগস্ট, ঐ দিন তো ফ্রেন্ডশিপ ডে—তাই ভাবলাম লিখি, বন্ধুত্ব নিয়েই লিখি…
দুপুর যখন খাঁ খাঁ, ঘুম ঘুম কানে বেহায়া কাকের হাঁকডাক; তখন হাড়ভাঙা ইস্কুলে ক্লাস সেভেনে আমাদের সংস্কৃত স্যার কমলবাবু ‘হিতোপদেশের’ উপদেশের টুকরো টেনে আওড়াতেন—
‘উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে।
রাজদ্বারে শ্মশানে চ যস্তিতিষ্ঠতি স বান্ধবঃ।।
তারপর নাকের ওপর নেমে আসা চশমাটা এক খোঁচায় স্বস্থানে ফিরিয়ে দিয়ে টেকো কপালের নীচের মোটা দুই ভুরু নাচিয়ে জিজ্ঞেস করতেন—এর মানেটা কি, হ্যাঁ?
প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর জানার মতো ধৈর্য তাঁর ছিল না। সেকেন্ড দুয়েকের পেন্ডুলামবৃত্তিতে মাথাটা বাঁ দিকের বেঞ্চ থেকে ডান দিকের বেঞ্চ বার দুই প্যান করেই হেসে বলতেন—গর্দভের দল (এটা ছিল তাঁর প্রিয় সম্বোধন)! জানতুম পারবে না! জানি তো কিস্যু হবে না, তবু আসি, মাইনে পাই, তুষে পার দিতে আসি! শোন গর্দভেরা, জেনে নাও বন্ধু কে? উৎসব, ব্যসন আর রাজদ্বারে, দুর্ভিক্ষে, শত্রুভয়ে, শ্মশানে যে সব সময়পাশে থাকে সেই হচ্ছে ‘বন্ধু’। বুঝেছ?
এই প্রশ্নটা আবার আমাদের ভারি প্রিয়। মাথা নেড়ে হ্যাঁ জানাতে আমাদের একটুও কিপ্টেমি নেই। কত বড় বড় অবুঝ অঙ্ক আমরা এই করেই পার করে দিয়েছি, আর এ তো শুধু ‘বন্ধু’। এর আবার না বোঝার কি আছে? রবিবারের বিকেল চারটেয় দূরদর্শনে ক’দিন আগেই দেখে ফেলেছি উত্তমকুমারের সিনেমা—‘হাত বাড়ালেই বন্ধু’। হাত বাড়ালেই যখন বন্ধু হওয়া যায়, তখন রাজদ্বার ফাজদ্বার দুর্ভিক্ষের ভয় দেখিয়ে ছোটদের মাথা গুলিয়ে না দিলেই কি নয়? আশ্চর্য আক্কেল বাপ! এবার কাকে ছেড়ে কাকে রাখি বলুন তো! সত্যি বলছি মশাই, সে বয়সে বন্ধুত্বের এই দুরকম থিয়োরি নিয়ে টানা দু’মাস কনফিউস ছিলাম। তখন কি ছাই জানতাম, বন্ধুত্বের অনেক নাম, তার অনেক বিস্তার… সেসব কথা না-হয় বলা যাবে এই পাঁচদিনের অবসরে… প্রথম কিস্তি এইটুকু থাক…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news