নিজস্ব প্রতিনিধি।
শিয়রে পৌরসভা নির্বাচন ! তাই ভোলেবাবার স্মরণাপন্ন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবারের ভোটে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি। সেই লড়াইয়ে মেরুকরণের রাজনীতিতে হিন্দু ভোট যাতে কোনওভাবেই হাতছাড়া না হয় সেকথা মাথায় রেখেই ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক শিবির। ফলস্বরূপ শুক্রবার কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দেখা গেল শিবরাত্রির দিনের মহাদেবের আরাধনা করতে। এদিন সন্ধ্যায় তারাতলায় কলকাতা পোর্ট ট্রাস্টের এক নম্বর গেট কোয়াটারসে নবনির্মিত বাবা ভূতেশ্বর নাথ মন্দিরে যান মেয়র।
শিবলিঙ্গের দর্শনই নয়, শিবরাত্রির দিনে নিজে হাতে পুজোও করলেন তিনি। ভোলেনাথের মাথায় জল ঢাললেন, করলেন আরতিও। মন্দিরের পুরোহিতের কথা মেনে পুজো পদ্ধতির প্রতিটি রীতি পালন করলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই ছিলেন ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (TMC) পৌর প্রতিনিধি আনোয়ার খান। পরে মন্দির কমিটির অনুরোধে “হর হর মহাদেব” শব্দের উচ্চারণ করলেন মেয়র।
ফিরহাদ হাকিম বলেন, “ধর্ম অনেকটা রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথাটির মতো। যত মত তত পথ। যে যেভাবে ঈশ্বরকে ডাকো, সবাইকে কিন্তু, একই লক্ষ্যে পৌঁছতে হবে। আমাকে যেমন অনেকে ফিরহাদ হাকিম বলেন, কেউ আবার ববি বলেও ডাকে। দুই নামে ডাকলেও আমি কিন্তু, একজন মানুষ।” প্রসঙ্গত, ফিরহাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দরের অন্তর্গত এই বাবা ভূতেশ্বর নাথের মন্দির।
ববি হাকিমের এহেন পুজো অর্চনার কারণ প্রসঙ্গে রাজনৈতিক মহল অবশ্য অন্য ব্যাখ্যা দিচ্ছে। তাদের ব্যাখ্যা, গত লোকসভা নির্বাচনে মেরুকরণের ভোটে লাভবান হয়েছে বিজেপি। হিন্দু ভোটে একাট্টা হওয়ায় রাজ্যে ১৮টি লোকসভা আসনে জয়ী হয়েছে তারা। লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে এবার আর বিজেপিকে (BJP) খোলা ময়দান দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। সংখ্যালঘু ভোটের পাশাপাশি সংখ্যাগুরু হিন্দু ভোট যাতে তৃণমূলের থেকে বিরূপ না হয় সেই কারণেই এদিন শিবরাত্রির পুজোয় অংশ নিলেন কলকাতার সংখ্যালঘু মেয়র।
তৃণমূল শিবির অবশ্য কলকাতার মেয়রের শিবরাত্রি পুজোয় অংশ নেওয়াকে জনসংযোগের মাধ্যম বলেই ব্যাখ্যা করছে। তাদের কথায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের শারদোৎসব বলে খ্যাত চেতলা অগ্রণীর দুর্গাপুজো। তাই হিন্দু ভোট পেতে ববি হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এমন কৌশলী পদক্ষেপ নিতে হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news