পার্থসারথি পাণ্ডা
পাঁচশো বছর আগে কোথায় ছিল বৈশাখ? ছিল, বারোমাসের বৃত্তেই ছিল। কিন্তু ছিল সে কেবল বছরের দ্বিতীয় বা তৃতীয় মাস হিসেবে। তখন ফাল্গুন-চৈত্রে শুরু হত বছর। সম্রাট আকবরের ইচ্ছেয় বাৎসরিক মাস-হিসেবের রাজ্যপাট গেল বদলে, বৈশাখ হয়ে গেল বছর শুরুর পয়লা মাস।
হাজার বছর আগে কোথায় ছিল বৈশাখ? তখনও ছিল, কিন্তু অন্য নামে। সেকালে বছরের দ্বিতীয় মাস হিসেবে ছিল ‘মাধবী’র নাম। সেই মাসের অধীশ্বরী ছিল বিশাখা নক্ষত্র। সেই বিশাখার নামেই একদিন ‘মাধবী’ হয়ে গেল ‘বৈশাখ’।
বৈশাখের রূপ চিরদিনই রুদ্র-গুমোট-গম্ভীর। রবীন্দ্রনাথ তাই তার মাঝে ‘মৌনী তাপসের’ ধ্যানমগ্নরূপকে প্রত্যক্ষ করেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন নটরাজকে। সেজন্যই ‘নটরাজ’ নৃত্যনাট্যে তিনি নতুন দিনের আঙিনায় বৈশাখকে আবাহন করেছিলেন। প্রার্থনা জানিয়েছিলেন ধ্যান-মৌনতার মগ্নতা সরিয়ে জেগে উঠতে—
‘জাগো ধন ধানে, জাগো গানে গানে
জাগো সংগ্রামে, জাগো সন্ধানে,
আশ্বাস-হারা উদাস পরাণে
জাগাও উদার নৃত্য।’
এই প্রার্থনা কাল-পেরিয়ে এখনও চিরন্তন। এই প্রার্থনার পথ বেয়ে আজকের বহমান গণতান্ত্রিক প্রহসনের দিনে, খুন-হিংসা আর শিশুধর্ষণের নির্মমতার দিনে, শাসকের লাল চোখ আর রাজনৈতিক দলাদলির নির্লজ্জতার দিনে রবীন্দ্রনাথের রুদ্রবৈশাখ আনুক সন্ধানী সংগ্রামের পদধ্বনি, সেই পদধ্বনি স্পন্দিত হয়ে উঠুক সৃষ্টিপথিক তাণ্ডবের ছন্দে—
‘তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।
………………………………
মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে দেহে প্রাণে শুচি হোক ধরা।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news