জরুরি অবস্থার ভয়ঙ্কর আর অন্ধকার দিনগুলির কথা স্মরণ করে আরও একবার কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মোদী বলেন, ‘এইভাবেই কংগ্রেস আমাদের গণতান্ত্রিক নীতিকে পদদলিত করেছে। আমরা সেই সমস্ত মহান নেতাদের স্মরণ করি যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর ভারতীয় গণতন্ত্রকে সুরক্ষিত করেছিলেন।’
জরুরি অবস্থা নিয়ে প্রথম থেকেই কংগ্রেসকে নিশানা করে আসছে বিজেপি। এদিন জরুরি অবস্থায় নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, ‘১৯৭৫ সালে এই এই দিনে কংগ্রেস নেত্রীর অহংকার আর স্বার্থ বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রকে হত্যা করেছিল। ‘বিনাবিচার অনেক মানুষকে জেলে পোরা হয়েছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আরও একটি টুইট বার্তায় অমিত শাহ বলেন, ২১ মাস ছিল ভারতীয় ইতিহাসের একটি কালো আধ্যায়। যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছিল তাঁদেরও শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
আজ থেকে ৪৬ বছর আগে দিনটি ছিল ভারতীয় গণতন্ত্রের সবথেকে কালো দিন। ১৯৭৫ সালের ২৫ জুন রাতের অন্ধকারে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। তত্কালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। রাতারাতি স্তব্ধ করে দেওয়া হয়েছিল ভারতীয় গণতন্ত্রের চাকা। বাক ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল। প্রায় ২১ মাস জারি ছিল জরুরি অবস্থা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news