কয়লা কাণ্ডে আগেই রাজ্যের একাধিক আইএএস, আইপিএস অফিসারকে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এই দুর্নীতিতে আরও তথ্য পেতে এবার তাঁদের জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
চলতি জুলাই ও আগস্ট মাসের মধ্যেই তাঁদের জেরা করা হবে। সশরীরে হাজির হতে না পারলে ভার্চুয়ালি জেরা করার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। এই জিজ্ঞাসাবাদের তালিকায় মোট ৭ আইপিএস এর নাম রয়েছে।
কোটেশ্বর রাওকে ২৬ জুলাই, সিলভা মুরুগানকে ২৮ জুলাই, শ্যাম সিংকে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ আগস্ট, সুকেশ জৈনকে ৪ আগস্ট, জ্ঞানবন্ত সিংকে ৫ আগস্ট ও তথাগত বসুকে ৬ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে তলব করা হয়েছে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের যে বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়লার চোরা কারবার চলেছে সেইসব এলাকাতেই সাম্প্রতিক অতীতে কর্মরত ছিলেন এই অফিসাররা।
তাই তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছে ইডি। তাছাড়া, কয়লাকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংয়ের সূত্র সিবিআই পেয়েছিল বলে জানা গিয়েছে।
যে সময় রাজ্যে কয়লা পাচার ফুলে ফেঁপে উঠেছিল, তখন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ছিলেন জ্ঞানবন্ত। এর আগে পশ্চিমাঞ্চলের আইজিও ছিলেন তিনি। তাই এবার ইডির জেরার মুখোমুখি হবেন তিনিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news