প্রসেনজিৎ মাহাতো :
আজ ডার্বির টিকিটের কালোবাজারি রুখতে কড়া প্রশাসন। টিকিটের চাহিদা ব্যাপক, তাতে টিকিট যে কালোবাজারি হওয়ার সম্ভবনা রয়েছে, তা আন্দাজ করে কালোবাজারি রুখতে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। স্টেডিয়াম চত্বরে সাদা পোশাকে পুলিস মোতায়েন থাকবে। টিকিট কালোবাজারি করতে গিয়ে কাউকে নজরে এলেই তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে।
এছাড়াও, ডার্বির জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন রাখা হয়েছে। স্টেডিয়ামের ভিতর শুধুমাত্র মানি ব্যাগ, মোবাইল নিয়ে ঢোকার অনুমতি রয়েছে। ১০০, ২০০ টাকার টিকিট নিঃশেষিত। কিন্তু, ৫০০ ও ৮০০ টাকার অল্প সংখ্যাক টিকিট রয়েছে। আইএফএ–র সহ সচিব স্বপন দত্ত বলেন, ‘ম্যাচের দিন সুভাষ সরোবর সংলগ্ন থেকে ৫০০ ও ৮০০ টাকার টিকিট বিক্রি হবে। সংখ্যায় কম রয়েছে।’ স্টেডিয়ামে মোট ৩০০০ পুলিস মোতায়েন থাকবে। বেসরকারি নিরাপত্তারক্ষা কর্মীও থাকবেন। দুপুর ২.৩০ গেট খুলবে। পার্কিংয়ের জন্য স্থান ঠিক করা হয়েছে ১৩ নম্বর গেট, সুভাষ সরোবর, আমুল স্ট্যান্ড ও আমরির সামনের রাস্তায়। ডার্বির জন্য উল্টোডাঙা ষ্টেশন ও মানিকতলা থেকে ৩০টার উপর অতিরিক্ত বাস চলবে। এ দিন বিধাননগর কমিশনারেট উপনগরপাল (সদর) অমিত পি জাভালগি জানান, ‘সুষ্ঠুভাবে যাতে ডার্বি ম্যাচ হয়, প্রশাসন সতর্ক থাকবে।’ অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের সময় প্রশাসন যেরকম সতর্ক ছিল, আজও তার ব্যতিক্রম হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news