চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
রাম মন্দিরের ভূমি পূজনের (Ram Mandir Bhoomi Pujan) দিন পশ্চিমবঙ্গের লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ৫ আগস্ট লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজেপি। রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এ প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলেছেন। রাম মন্দিরের ভূমি পূজনের দিনে ডাউন ঘোষণা করে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের আবেগে আঘাত করেছেন বলে মত প্রকাশ করেছেন মেদিনীপুরের সংসদ সদস্য। দিলীপ ঘোষ বলেছেন, “আমার মনে হয় এখনও সময় আছে। লকডাউন তুলে নিয়ে আগে পরে করা উচিত। ৫ আগস্ট সারা দেশের মানুষের কাছে গর্বের দিন। গৌরবের দিন। উৎসাহ, উদ্দীপনার দিন। ঐতিহাসিক দিন। ওইদিন লকডাউন করলে সরকারকে ফল ভুগতে হবে। রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক ক্ষণে বাংলার মানুষ শামিল হতে পারবেন না এটা দুঃখের। যাঁরা রাষ্ট্রীয় দিবসে লকডাউন করছেন, তাঁদের মানুষ কিন্তু ভুলবে না এত সহজে।”
মেদিনীপুর সাংসদ বলেছেন, “অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হচ্ছে তা নিয়ে গোটা দেশে উদ্দীপনা রয়েছে। সারাদেশে ধুমধাম করে পালন করা হচ্ছে। সাড়ে ৪০০ বছরের লড়াইয়ের পর এই সাফল্যের ইতিহাস রচনার করেছে। ভাবাবেগের বিরুদ্ধে এখানকার রাজ্য সরকার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যাতে এই বিষয়ে অংশগ্রহণ না করতে পারে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অত্যন্ত অমানবিক। সাধারণ মানুষের মানবতা পক্ষে লড়াই তৃণমূলের বিরুদ্ধে। অবিলম্বে ৫ তারিখের লকডাউন তুলে দেওয়া উচিত। লকডাউনের দিনক্ষণ চারবার যখন পরিবর্তন করা হয়েছে পঞ্চম বারও করা যেতে পারে। লকডাউন অন্য যে কোন দিন করা যেতে পারে।”
আগস্ট মাসে কবে কবে সম্পূর্ণ লকডাউন হবে, তা নিয়ে একদিনে তিন তিনবার সিদ্ধান্ত বদল করেছে রাজ্য সরকার। ঈদ, রাখি, গণেশ চতুর্থী, মহরমের মতো উৎসব থাকার ফলে বারবার বদলেছে দিনক্ষণ। অবশেষে চূড়ান্ত দিনক্ষণ স্থির করা হয়। চলতি মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ আগস্ট সম্পূর্ণ লকডাউন হবে বলেই জানিয়েছে নবান্ন। আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো। ওইদিন পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ লকডাউন। কিন্তু, বিজেপি ওইদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজা অর্চনার কর্মসূচি নেওয়ার কৌশল নিচ্ছে। ফলে ওইদিন রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে সংঘাত হতে পারে বিজেপি নেতা কর্মীদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news