চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) গ্রাফ যেন আর আটকে রাখা যাচ্ছে না। শুক্রবার স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯৪ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে একদিনে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৬৯০ জন। শুক্রবার সেই রেকর্ডও ভেঙে গেল। শুধু কলকাতাতেই একদিনে ৫৬৩ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণাও। সেখানে একদিনে ৪৪৩ জনের শরীরে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর জেরে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৮,০১১-এ। বর্তমানে কোভিড পজিটিভ সংখ্যাটা ১৪,৭০৯। সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে রাজ্যে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও।
সরকারি বুলেটিনে অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা ভাইরাসের বলি হয়েছেন ২৬ জন। যার মধ্যে কলকাতায় শুধু প্রাণ হারিয়েছেন ১২ জন। এখনও পর্যন্ত বাংলায় করোনা ভাইরাস কেড়ে নিয়েছে ১০৪৯ জনের প্রাণ। অর্ধেকের বেশি মৃত্যু শুধু কলকাতাতেই, সেখানে প্রাণহানির সংখ্যা ৫৪৯ জন। চিন্তার ভাঁজ চওড়া করছে সুস্থতার নিম্নমুখী হারও। একটা সময় যেখানে সুস্থতার হার প্রায় ৬৭ শতাংশ, সেখানে এখন রাজ্যে সেই হার ৫৮.৫৪ শতাংশ। এদিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৮ জন। যার মধ্যে কলকাতায় সুস্থ ২৯১ জন।
কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৪৩, দক্ষিণ ২৪ পরগনায় ১৬০, হাওড়ায় ১৮২, হুগলিতে ৮৩, পূর্ব মেদিনীপুরে ২৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news