নিজস্ব সংবাদদাতা :
২০১১ সালে ক্ষমতায় আসার পর প্রায় প্রতি ৩-৪ মাস অন্তর পাহাড়ে আসাটাকে একপ্রকার অভ্যেস করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভ্যেসে ছেদ পড়ে ২০১৭র ৮ই জুনের পর থেকে। ওইদিন দার্জিলিং পাহাড়ে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর থেকেই অশান্ত হয়ে ওঠে দীর্ঘ প্রায় ৬ বছর (২০১১-২০১৭) শান্ত হয়ে থাকা এই পাহাড়। বিমল গুরুং-এর নেতৃত্বে সেই আন্দোলনের ফলশ্রুতি হল আগুন, ইটবৃষ্টি,গাড়ি ভাঙচুর ও শেষমেশ এক পুলিশ অফিসারের খুন। শুরু হয় লাগাতার বনধ। বিমল গুরুংকে কোনঠাসা করতে রাজ্য সরকার পাঞ্জা কসা শুরু করে। পাহাড় ছাড়তে হয় গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরিদের। তবে রাজ্য সরকারও পাহাড়কে শান্ত করতে বিকল্প পথের সন্ধান শুরু করে। পাশে পেয়ে যায় হঠাৎ করে বিক্ষুব্ধ হওয়া মোর্চা নেতা বিনয় তামাং, অনিল থাপাদের। শুরু হয় দুপক্ষের কথা। অবশেষে তিন দফা আলাপ আলোচনার পর ১০০ দিনেরও বেশি চলা বনধ প্রত্যাহার করে মোর্চা এবং বিনয় তামাং গোষ্ঠী। ফের আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করে পাহাড়। ইতিমধ্যে জিটিএর মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে বিনয় তামাংকে চেয়ারম্যান করে অস্থায়ী জিটিএ তৈরির সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে আর পাহাড়ে আসা হয়ে ওঠেনি তাঁর। অবশেষে দীর্ঘ ৭ মাস পর ফের দার্জিলিঙে এলেন মমতা। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার পথে রোহিনী মোড়ে ‘সুবাস ঘিসিং মার্গ’ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন সেকথা। “আগে আমি ২-৩ মাস পর পরই আসতাম। এবার ৭মাস পর আসলাম। কারনটা আপনারা জানেন।” তবে এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের প্রথম দিন কিন্তু সেই চেনা উৎসাহের ছবিটা চোখে পড়েনি। ৮জুনের আগে তিনি যতবার পাহাড়ে এসেছেন, ততবারই রাস্তার দুপাশের ভিড়ে বারবার তাঁর কনভয় দাঁড়াতে বাধ্য হয়েছে। এবারেও সেই ছবি দেখা গেল পাহাড়ের রাস্তায়। তবে তাতে সাধারন মানুষের স্বতঃস্ফুর্ততার অভাব কিন্তু চোখে পড়েছে। মূলতঃ বিভিন্ন কালচারাল বোর্ডের সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানান। এছাড়া তাঁর হাত দিয়ে গঠিত অস্থায়ী জিটিএর পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হয়। আরও ২ দিন মুখ্যমন্ত্রীর পাহাড়ে থাকার কথা আছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী আসার পর ২৬ জানুয়ারি থেকে সুর্যের মুখ না দেখা পাহাড়ে রোদের তাপে উষ্ণতা ফিরে আসে কিনা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news