চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কোভিড আক্রান্তদের মৃত্যুর কারণ ঠিক করতে অডিট কমিটি গঠন থেকে শুরু করে, করোনা সংক্রমণের মোকাবিলায় গঠিত কলকাতায় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোর একাধিক খামতির ব্যাপারে সরাসরি প্রশ্ন তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (Home Ministry) আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল। শুক্রবার তাঁরা তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়ে লম্বা একটি চিঠি পাঠিয়েছেন নবান্নে (Nabanna)। সেই চিঠিতে তাঁরা পরিকাঠামো খামতি কথা উল্লেখ করেছেন একাধিকবার। মুখ্যসচিব রাজীব সিনহার কাছে এই সংক্রান্ত বিষয়ে বেশকিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। মুখ্যসচিবকে জোড়া চিঠি পাঠিয়েছেন কলকাতায় আসা অন্তঃরাজ্য প্রতিনিধি দলের প্রধান প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র।
প্রথম চিঠিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর কারণ নির্ধারণ নিয়ে রাজ্য সরকারের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্বিতীয় চিঠিতে বাঙ্গুর ও রাজারহাটের হাসপাতালের পরিকাঠামোর খামতি কথা বলেছেন। অপূর্ব চন্দ্র লিখেছেন, “১৬, ১৭ বা ১৮ এপ্রিল নমুনা পাঠানো রোগীদের রিপোর্ট ২৩ তারিখ পর্যন্ত আসেনি কেন ?” তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নবান্নের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তা লিখেছেন “এভাবে যদি দেরি হয়, তা হলে একজন কোভিড নেগেটিভ রোগী তো হাসপাতালে থেকেই আক্রান্ত হয়ে পড়বেন।”
অপূর্ব চন্দ্র মুখ্যসচিবকে চিঠিতে লিখেছেন, “স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ব্যাখ্যা দিয়েছেন, যদি কোনও কোভিড রোগী পথ দুর্ঘটনায় মারা যান, তা হলে বলা যায় না তাঁর কোভিডে মৃত্যু হয়েছে। এই যুক্তি আন্তঃমন্ত্রক টিমের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি। কারণ, পথ দুর্ঘটনায় মৃত্যু আর রোগের কারণে হাসপাতালে মৃত্যুর মধ্যে কোনও তুলনাই চলে না।” এ কথা বলেই ব্যাপারটা আরও ভাল করে বুঝতে পাঁচটি বিষয় মুখ্যসচিবের থেকে জানতে চাওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news