চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে জেরবার রাজধানী দিল্লির হাল ফেরাতে প্রশাসনিকভাবে দায়িত্ব তুলে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই সময় নাম কা ওয়াসতে মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিবাল (Arvind Kejriwal) থাকলেও, যাবতীয় দায়িত্ব এখন কেন্দ্রের। এবার সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া শুরু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। সোমবার দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাসপাতালটিতে কেবলমাত্র করোনা ভাইরাসের সংক্রমিত রোগীদের চিকিৎসা হচ্ছে। হাসপাতাল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দিল্লির মুখ্য সচিবকে নির্দেশ দেন, প্রতিটি হাসপাতালের করোনা ওয়ার্ডে সিসিটিভি বসাতে। তাতে প্রত্যেক রোগীর ওপরে যথাযথ নজর রাখতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। গত কয়েকমাসে অভিযোগ উঠেছে, বিভিন্ন হাসপাতাল ফিরিয়ে দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা মৃতদেহ ফেলে রাখা হয়েছে হাসপাতালের করিডোরে। বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অত্যধিক চার্জ নেওয়ারও অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগে রাশ টানতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।
দিল্লিতে (Delhi) করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে গত দু’দিনে দফায় দফায় বৈঠক করেছেন অমিত শাহ। জুলাই মাসের শেষে দিল্লিতে সম্ভবত সাড়ে ৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোধিয়া (Manish Sisodhia)। তিনি বলেছেন, “ওই সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৮০ হাজার বেড প্রয়োজন হবে।” প্রতি দিন দিন গড়ে পাঁচ হাজারের কাছাকাছি পরীক্ষা হচ্ছে বলে গত সপ্তাহে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল দিল্লি সরকার। কিন্তু, কেন্দ্রীয় সরকার পুরোপুরি দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়া সেই সংখ্যা দু’দিনের মধ্যে বাড়িয়ে দ্বিগুণ ও ছ’দিনের মধ্যে তিন গুণ করার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রণালয় জানিয়েছে, ৫০০ কামরা দিয়ে সাহায্য করবে রেল। এই সব কামরার বেশির ভাগটাই রাখা থাকবে দিল্লির আনন্দবিহার স্টেশনে। অমিত শাহ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে এক সঙ্গে আট হাজার শয্যা বাড়বে। রেলের ৫৪টি আইসোলেশন কোচ ইতিমধ্যেই দিল্লির শকুরবস্তি রক্ষণাবেক্ষণ ডিপোয় এসে গিয়েছে। ছতরপুরের রাধাস্বামী সৎসঙ্গ বিয়াস ক্যাম্পাসে ১০ হাজার করোনা রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে। আপাতত রাজধানীতে করোনা ভাইরাসের সংক্রমণের গতি রোধ করাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news