নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানিংঃ ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনার জেরে বুধবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের সমর্থনে ট্রেন অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার হলেন দশ বিজেপি কর্মী।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ। বুধবার সকাল আটটা নাগাদ ক্যানিং বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় এই বিজেপি কর্মীদের। গ্রেপ্তারের পর তাদের ক্যানিং থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার জেরে এদিন সকালে সাময়িক উত্তেজনা ছড়ায় ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায়।
বুধবার সকাল ছটা থেকেই দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং রেল স্টেশান সহ আশপাশের এলাকা ও বাজারে বনধের সমর্থনে মিছিল করেন বিজেপি কর্মীরা। মিছিলের পাশাপাশি ক্যানিং স্টেশানের কাছেই রেল লাইনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বন্ধ করে দেন ট্রেন চলাচল। প্রায় দু’ঘন্টা ট্রেন অবরোধের পর স্থানীয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধকারী বনধ সমর্থকদের হটিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাদের।
এরপর দশ বিজেপি কর্মী বনধ সমর্থনকারীদের গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে এদিন দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থেকেও আটজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news