নিজস্ব সংবাদদাতা:
ফের গাছে ঝুলন্ত অবস্থায় মিলল বিজেপি কর্মীর দেহ। এবারের ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। শুক্রবার সকালে ঝুলন্ত দেহটির কথা জানাজানি হতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দাঁতন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। যদিও তৃণমূলের দাবি, এটি আত্মহত্যা। মৃত ব্যক্তি বিজেপি কর্মী ছিলেন না বলেও দাবি করা হয় জেলা তৃণমূলের তরফে। যদিও পুলিশ বলছে, কয়েক দিন আগে দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষের পরে যাঁদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ দায়ের করেছিল, মৃত বর্ষা হাঁসদা (৩৮) তাঁদের অন্যতম।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে দাঁতন। ভোটের পরেও অশান্তি হয়েছে। এরমধ্যে গত কয়েক দিন ধরে একটানা অশান্তি চলছে দাঁতনে। মঙ্গলবারও তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানা গিয়েছে।
সংঘর্ষের পরে দু’পক্ষই পুলিশে অভিযোগে দায়ের করে। বেশ কয়েক জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতারও করে। বিজেপির জেলা সভাপতি সুমিত দাসের দাবি, পরে বিজেপি কর্মীরা রাস্তা আটকে অবরোধ করায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়। কিন্তু অশান্তি তাতেও থামেনি। এলাকায় উত্তেজনা ছিলই।
এরপরেই আজ সকালে সন্তোষপুরে একটি গাছে বর্ষা হাঁসদার ঝুলন্ত দেহ মেলায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দাঁতন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news