নিজস্ব সংবাদদাতা:
কালীপুজোর আগে বাড়িতে বসে বাজি তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহতের নাম প্রবীর মারিক (৫২)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার বাজারপাড়া ভক্তার মোড় এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনায় তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ প্রবীর মারিক নিজের ঘরে বসে বাজি তৈরির সময় প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার স্থানীয় বাসিন্দারা প্রথমে হকচকিয়ে গেলেও পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে প্রবীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় প্রবীর মারিককে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। আহত প্রবীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ভীস্মচাদ ঠাকুর, উলুবেড়িয়ার এসটিপিও সানা আক্তার সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক অনুমান বাজি তৈরির সময় কোনও কারণে আগুনের সংস্পর্শে এসে যাওয়ায় এই ঘটনা ঘটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news