চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) এবং অভিষেক বচ্চন (Abhishek Bacchan)। কিন্তু রবিবার সকালে জানা গিয়েছে যে অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হলেও জয়া বচ্চন, ঐশ্বর্য রাই (Aishwarya Rai) এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারে কর্মরত কোনও কর্মীরও কোভিড-১৯ (Covid-19) পজিটিভ রিপোর্ট এসেছে এমন খবর পাওয়া যায়নি। অমিতাভ এবং অভিষেক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই বচ্চন পরিবারের বাকি সদস্য জয়া, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্ট করানো হয়। শনিবার রাতেই টেস্ট হয় তাঁদের। রবিবার সকালে তিনজনেরই রিপোর্ট এসেছে নেগেটিভ। আপাতত স্বস্তিতে বচ্চন পরিবারে।
শনিবার রাতে নিজেই টুইট করে তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন বিগ বি। টুইটে বলিউডের শাহেনশা লেখেন, “আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে. .. তাই হাসপাতালে স্থানান্তরিত হয়েছি .. হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেই ভর্তি হয়েছি .. পরিবার ও সহকর্মীরাও পরীক্ষা করেছেন, ফলাফল প্রতীক্ষিত .. গত ১০ দিনের মধ্যে যাঁরা আমার নিকটবর্তী ছিলেন তাদের সকলকে তাদের পরীক্ষা করার জন্য অনুরোধ করা হল!” রাতেই অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই টুইট করেন অভিষেক বচ্চন। তিনি জানান, বাবার মতো তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁদের দু’জনেরই মাইল্ড সিম্পটমস অর্থাৎ সামান্য উপসর্গ রয়েছে বলেও জানান অভিষেক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news