নিজস্ব সংবাদদাতা:
অরুণ জেটলি জানিয়ে দিলেন তিনি আর মন্ত্রী হতে চান না। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই অব্যহতি চাইলেন তিনি। একটি চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত পাঁচ বছরের অর্থমন্ত্রী জানিয়ে দেন, এবার তাঁর পক্ষে মন্ত্রী হওয়া সম্ভব না। কারণ তাঁকে চিকিৎসার কারণে অনেকটা সময় ব্যয় করতে হতে পারে।
প্রসঙ্গত, আগামিকাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। বর্তমানে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনার ফল সামনে আসার আগেই গত পাঁচ বছরের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন যে তিনি এবার মন্ত্রী হতে চান না।

এদিন প্রধানমন্ত্রীকে লেখা অরুণ জেটলির একটি চিঠি প্রকাশ্যে আসে। সেই চিঠিতে মোদিকে জেটলি লিখেছেন, প্রধানমন্ত্রীর কেদারনাথ যাত্রার আগেই মৌখিকভাবে বিষয়টি তিনি জানিয়েছিলেন। এবার লিখিতভাবে জানাচ্ছেন যে আর কোনও দায়িত্ব তিনি নিতে চান না। এবার নিজের স্বাস্থ্য ও চিকিত্সায় অনেক বেশি সময় দিতে চান তিনি।
তবে সাধ্য মতো সরকারকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত তিনি, একথাও জানান চিঠিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news