নীল রায়।
বাড়িতে এনপিআরের সমীক্ষা করতে এলে ঝাঁটাপেটা করতে বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)। রবিবার বিকেলে মুরারইয়ের জনসভায় তিনি বলেন, “বাড়িতে সমীক্ষা করতে গেলে ঝাঁটাপেটা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের পাশে থাকবে।” প্রসঙ্গত, রাজ্য সরকার প্রথমে এনপিআর নিয়ে রাজী থাকলেও সম্প্রতি বেঁকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে এনপিআর তিনি করতে দেবেন না।
যদিও, কেন্দ্রীয় মন্ত্রিসভা এনপিআর (NPR) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কাজের জন্য ৮০০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে মোদী সরকার। সঙ্গে জানিয়ে দিয়েছে, কোনও রাজ্য এনপিআরের কাজ না করলে কেন্দ্রীয় সরকার নিজেই সেই কাজ করাবে সংশ্লিষ্ট রাজ্যে।
সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “যদি আপনাদের বাড়িতে যায় সার্ভের নাম করে, জিজ্ঞাসা করে আপনাদের বাড়িতে ক’টি বাছুর, ক’টি ছাগল, তারপরে জিজ্ঞাসা করে ক’টি মানুষ, কখন এসেছেন, কত সালে এসেছেন, ‘৭১ সালের দলিল আছে কিনা—তখন ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দেবেন। চিন্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার পাশে।’’ বীরভূম জেলা তৃণমূল সভাপতি এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘গুড বুকে’ থাকার কারণে বহাল তবিয়তে রয়ে গিয়েছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news