চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দৃঢ় পদক্ষেপের প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই সংক্ষুব্ধ সময়ে প্রধানমন্ত্রীর ভুমিকা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। অমর্ত্য সেন বলেছেন, “কোভিড-১৯ ভাইরাস জনিত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী সমসাময়িক অনেক রাষ্ট্রনেতার থেকেই এগিয়ে ভেবেছেন। এটা ভারতকে সাহায্য করেছে। এখন অর্থনীতিকে নিজের রাস্তায় ফেরানোই চ্যালেঞ্জ।”
সঙ্গে এই অশীতিপর অর্থনীতিক বলছেন, “প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংকটের গুরুত্ব অনেক রাষ্ট্রনেতার চেয়ে আগে বুঝেছেন। কিন্তু সেই সমস্যার মোকাবিলায় সাধারণ মানুষের জীবন ও জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল।” এমন কঠিন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সমস্যার জন্য আলাদা করে দেশের প্রধানমন্ত্রীকে দায়ী করতে রাজি নন অমর্ত্য সেন। তিনি বলেছেন, “ভারতে গরিব মানুষের এই দুঃখ দুর্দশা আগে থেকেই ছিল। দারিদ্র ও দুর্দশার এই ছবি নতুন নয়।”
প্রসঙ্গত, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই নরেন্দ্র মোদীর নানা কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের প্রধানমন্ত্রী পদে বসার পর মোদীর সমালোচনা রাস্তা থেকে সরেননি তিনি। নোটবন্দী পর্বেও মোদীর অর্থনীতিকে প্রকাশ্যে ভুল বলতে দ্বিধা করেননি অমর্ত্য। কিন্তু নভেল করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে প্রশংসা করতেও পিছপা হননি এই অশীতপর অর্থনীতিবিদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news