ঈষাণিকা ভোরাই:
“আহ্লাদে আটখানা, আব্দুল মান্নান!” শুক্রবারের বারবেলা, সবে রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে রাজ্য বিধানসভায়। সেই সময় এমনই মন্তব্য ভেসে এল তৃণমূল কংগ্রেসের এক বর্ষীয়ান বিধায়কের কাছ থেকে। এমন মন্তব্যের কারণ জানতে চাইলে ওই বিধায়ক এবার শোনালেন, ‘ঝড়ে বক মরে; ফকিরের কেরামতি বাড়ে’। আবার এই মন্তব্যের কারণ জানতে চাইলে ওই তৃণমূল বিধায়ক যা ব্যাখ্যা দিলেন তা এরকম, কথায় কথায় মমতা ব্যানার্জির মুন্ডুপাত করা সুজন (চক্রবর্তী)-দের “সু-জন” হয়ে গলায় গলায় ভাব জমিয়েও শেষ পর্যন্ত তৃণমূল বিধায়কদের ভোট নিয়েই নিজেদের প্রার্থী অভিষেক মনু সিঙভিকে জেতাতে হচ্ছে। এমনকি জয় নিশ্চিত হওয়ার পর প্রার্থীর পাশে দাঁড়িয়ে দু’আঙ্গুল তুলে ‘ভি’ চিহ্ন দেখিয়ে হাসিমুখে ছবি তোলাও হচ্ছে। ভাবখানা এমন যে, কেমন দিলাম। কিন্তু বাস্তবটা কি? যে দল গত দু’বছরে নিজের দলের ১০ জন বিধায়কের দলছুট হওয়া আটকাতে পারেনা; সেই দলের পরিষদীয় দলনেতার কী সত্যিই দলের ওপর কোনও দখল আছে! অবশ্য শুধু পরিষদীয় দলের নেতাই বা কেন, প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি বা কম যান কিসে! খোদ রাজ্য সভাপতির খাস তালুক (মুর্শিদাবাদ)-এর ২ জন বিধায়ক এই মাসেই দলত্যাগ করে ভিড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে। শোনা যাচ্ছে আরও ২/১ জন বিধায়ক সে পথেই পা বাড়িয়ে রয়েছেন। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের অতিরিক্ত ভোট যদি সিঙভির ঝুলিতে না যেত তাহলে এই আহ্লাদে আটখানা হয়ে ছবি তোলার নিশ্চয়তা কি পাওয়া যেত ! বিধানসভার লবিতে কান পাতলে শোনা যাচ্ছে, কংগ্রেসের নিজের সবকটা ভোটই সিঙভির পক্ষে পড়ার কোনও নিশ্চয়তা ছিল না, ফলে তৃনমূলের অতিরিক্ত ভোট নিজেদের ঝুলিতে না পড়লে, ফাঁকতালে জিতে যেতে পারতেন হারার রেকর্ড করা রবিন দেব। অবশ্য কংগ্রেসকে সমর্থন করার পিছনে স্বার্থ ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম-এর থেকে কংগ্রেসকে তার বেশি প্রয়োজন। তাই কংগ্রেস-সিপিএমের আপাত বিচ্ছেদ ঘটিয়ে সনিয়া, রাহুলকে বার্তা দিয়ে রাখলেন মমতা। পাশাপাশি মান্নান,অধীর-দের এটাও বুঝিয়ে দিলেন; এ রাজ্যে তাদের আহ্লাদে আটখান হওয়া বা ভেঙে দশখান হওয়া আপাতত নির্ভর করছে তাঁর (মমতা) উপরেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news