চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের দাপট ও লকডাউনের জেরে একেই নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। তার ওপর ঘূর্ণিঝড়ের (Cyclone Strom) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে। ঘুর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সন্ধেবেলা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, শুরুতে এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। রবিবারের পর থেকে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে উত্তর-উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news