চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। বৃহস্পতিবার বিকেলেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে গুজরাটের কচ্ছ উপকূলে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল। সেই আশঙ্কাতে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছিল গুজরাট সরকার । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারও। এবার ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ১০০-র কাছাকাছি ট্রেন বাতিল করে দেওয়া হল। বুধবার পশ্চিম রেলওয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ঘূর্ণিঝড় বিপর্যয়ের সতর্কতায় ১৫ জুন অবধি একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। একাধিক ট্রেনের গতিপথেও কাটছাঁট করা হচ্ছে। আরব সাগরের ওপর অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। ১৩০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আজ সন্ধ্যার মধ্যেই গুজরাটের মান্ডবি এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী পাকিস্তান উপকূল দিয়ে অতিক্রম করতে পারে বিপর্যয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কচ্ছ, দ্বারকা, জামনগরে অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের দাপট থেকে রক্ষা পেতেই পশ্চিম রেলওয়ের তরফে ৯৫টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
গতিপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে আরও বেশ কিছু ট্রেনের।ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের ‘বিপর্যয়’র জেরে কচ্ছ, দ্বারকা, পোরবন্দর, জামনগর, ওখা, মোরবি, জুনাগড় এবং রাজকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। মূলত কাঁচা বাড়িগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ঝড়বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছ উপড়ে গিয়েছে।সোমবারই পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অশোক কুমার মিশ্র বলেন, “আমরা ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিপথের দিকে নজর রাখছি। রেলের সদর দফতরে একটি বিপর্যয় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভুজ, গান্ধীধাম, পোরবন্দর ও ওখাতেও এডিআরএম-দের পাঠানো হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে, তার জন্য পোরবন্দরে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলির সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হবে।”পশ্চিম রেলওয়ের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে। রেলযাত্রীদের সুরক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। গুজরাটের ভাবনগর, রাজকোট, আহমেদাবাদ ও গান্ধীধামে ইমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news