রণবীর ভট্টাচার্য
আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। সারা পৃথিবী জুড়ে থাকা প্রতিটি ভারতবাসীর কাছে আজ গর্বের দিন। তার সাথে সাথে আজ তাৎপর্যপূর্ণ ভাবে ২৫ বছর পূর্ণ হল ভারতে সাধারণের জন্য ইন্টারনেটের ব্যবহার। ২৫ বছর আগে আজকের দিনে ভিএসএনএল এর হাত ধরে সার্বজনীন হয়েছিল ইন্টারনেট। কিন্তু কেমন ছিল ইন্টারনেটের সেই সব দিন? ১৯৯৫ এর নরসীমা রাওয়ের সরকার (Narsimha Rao Govt.) থেকে আজকের মোদী জমানা, দেশ যেমন সত্যি পরিবর্তন দেখেছে, আবার সাথে সাথে ইন্টারনেট কিন্তু একদম নব কলেবরে এসেছে মানুষের কাছে।
১৯৯৫ সালে, যারা সারা বছর ইন্টারনেট ব্যবহার করার জন্য বাড়ির ল্যান্ড ফোনের সাথে ডায়েল আপ এর ব্যবস্থা নিয়েছিলেন, তাদের বার্ষিক ৫০০০ টাকা দিতে হয়েছিল। হ্যাঁ, ৫০০০ টাকা! দুরকম উপায় ছিল ইন্টারনেটের – একটি ডায়েল আপ এবং অন্যটি লিজ লাইন। লিজ লাইন অবশ্য বিশেষ ভাবে ব্যবসায়িক, রপ্তানি ও যারা সার্ভিস প্রদান করে তাদের জন্য নির্দিষ্ট ছিল। তখনকার সময় তো বটেই, এখনকার হিসেবেও যথেষ্ট খরুচে ছিল সেই সময়ের ইন্টারনেট। আর ইন্টারনেট স্পিড ছিল অস্বাভাবিক কম – আজ যেখানে ফোরজির জমানায় ইন্টারনেট স্পিড এমবিপিএস পেরিয়ে জিবির দিকে এগোচ্ছে, নব্বইয়ের দশকে কিন্তু কেবিপিএস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ৯.৬ কেবিপিএস, ৬৪ কেবিপিএস, ১২৮ কেবিপিএস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল ইন্টারনেট।
মাসে ২৫০ ঘণ্টার ইন্টারনেটের জন্য ৫০০০ টাকা থেকে শুরু করে আজ পাঁচ টাকায় এক জিবি – ভারতে ইন্টারনেটের উত্তরণ কিন্তু ঈর্ষণীয়। বলতে গেলে ভিএসএনএল এর জমানা পেরিয়ে আজ যেই জিও যুগে ভারত এসে পৌঁছেছে, সেখানে কিন্তু ইন্টারনেটই সব। সর্বভারতীয় পরীক্ষার ফর্ম ভরা, দৈনন্দিন বিকিকিনি থেকে চিকিৎসা কিম্বা পড়াশোনা – জীবনের প্রতিটি অঙ্গ জুড়েই রয়েছে ইন্টারনেট। এই বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৬৩৯ মিলিয়নে আর ২০৩০ সালে ওয়াল্ড ইকোনমিক ফোরাম অনুযায়ী সংখ্যা গিয়ে দাঁড়াবে ১.১ বিলিয়নে। তবে এই ইন্টারনেট ব্যবহারকারীর সিংহভাগ কিন্তু স্মার্টফোন ব্যবহারকারীরাই! গত বছর অর্থাৎ ২০১৯ সালে ভারত কিন্তু আমেরিকাকে ছাপিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ স্মার্টফোনের বাজার রূপে চিহ্নিত হয়েছে।
গণতন্ত্র আর ইন্টারনেট (Internet) আজ যেন দুই অভিন্ন হৃদয় বন্ধু! তাই যেখানেই গণতন্ত্র থাকবে, সেখানেই উপস্থিত থাকবে ইন্টারনেট, হাতে হাতে ঘুরবে পৃথিবী। ডিজিটাল ভারত সেই বিশ্বাসেই ভরপুর কিন্তু! তাই আজ স্বাধীনতা দিবসে দেশের লক্ষ্যমাত্রার মধ্যে অন্যতম একটি কিন্তু দেশের সমস্ত মানুষের কাছে দ্রুতগামী ইন্টারনেট সুলভে পৌঁছে দেওয়া। ১৯৯৫ সালে যা ছিল নেহাতই বিনোদন আজ তা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news