চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কাজে সন্তুষ্ট নন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই এবার সংশ্লিষ্ট দপ্তর থেকে সরলেন মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব নিলেন খোদ মুখ্যমন্ত্রী, এমনই খবর নবান্ন সূত্রে।
তবে এখনও এই রদবদল সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়ন পর্ষদও গঠনের সিদ্ধান্ত থাকছেন মুখ্যমন্ত্রী, যার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের দিকে নজর রাখার পাশাপাশি তাদের ক্ষোভ-বিক্ষোভের দিকে নজর রাখা হবে। তবে এই পর্ষদের চেয়ারম্যান কে হবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী, তাদের জন্য একাধিক প্রকল্পও এনেছেন। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ বৃত্তিও চালু করা হয়েছে। তারপরেও রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষের খোঁজ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই সংশ্লিষ্ট দপ্তর নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি, অবশেষে বদল করে গোলাম রব্বানিকে উদ্যান পালন দপ্তরের দায়িত্ব দেওয়া হল।
এদিকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের স্বার্থেও বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এতদিন রাজ্যের কোন জেলা থেকে কতজন, কোথায় কোথায় কাজে যাচ্ছেন, তার সরকারি খতিয়ান থাকত না, এমনকী, অন্য রাজ্য থেকে এখানে কতজন কাজ করতে আসছেন তারও খতিয়ান থাকত না। ফলে কোনও দুর্ঘটনা ঘটলে বা সমস্যা হলে সঠিক তথ্য পাওয়া যেত না। এবার সেই সমস্যা মেটাতে পরিযায়ী শ্রমিক পর্ষদ গঠন করল রাজ্য সরকার, যারা পরিযায়ী শ্রমিকদের খতিয়ান রাখবে, আর তাতে চেয়ারম্যান পদে মলয় ঘটক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news