নীল রায়:
রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। আর তার জেরে বেজায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তড়িঘড়ি বিষয়টি তিনি দিল্লির হাইকমান্ডকেও জানিয়ে দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রীটে সাংবাদিক সম্মেলন করে মহম্মদ সেলিম ও বদরুদ্দোজা খানের নাম ওই দুই আসনের জন্য ঘোষনা করে দেন বিমান বসু। ২০১৪ সালের লোকসভা ভোটে রায়গঞ্জে মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদ আসনে বদরুদ্দোজা খান জয়ী হয়েছিলেন। দ্রুতই সিপিএম প্রার্থীদের নাম ঘোষণার খবর পান সোমেন মিত্র।
উলেক্ষ্য, রাহুল গাঁধীকে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে কলকাতায় ফিরে ছিলেন তিনি। মাঝে প্রদীপ ভট্টাচার্য্য ও শংকর মালাকারকে দিয়ে জোট আলোচনা চালিয়ে যাচ্ছিল কংগ্রেস। কিন্তু আচমকা সিপিএম রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় জোর ধাক্কা খেয়েছে এই আলোচনা পর্ব। এপ্রসঙ্গে সোমেন মিত্র বলেন, “এমন করে প্রার্থীদের নাম ঘোষণা করা উচিত হয়নি সিপিএমের। এমনটা প্রত্যাশিত ছিল না। আমি বিষয়টা দিল্লিতে এসেছি নেতৃত্বকে জানাচ্ছি। তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।”
প্রসঙ্গত, বাংলা রাজনৈতিক মহল মনে করছে, রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ার পর লোকসভা ভোটে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিন সোমেন মিত্র বলেন “কংগ্রেস এ রাজ্যে দীর্ঘমেয়াদী জোট রাজনীতিতে বিশ্বাসী। ২০১৬ তে জোট করার পরে কেন পরবর্তী সময়ে বামফ্রন্ট সে জোট রাজনীতি থেকে কেন বেড়িয়ে গেল। সে উত্তর তাঁরাই দিতে পারবেন।” তিনি আরো বলেন, “উভয় দলের শীর্ষ নেতৃত্বর মধ্যে কথা হওয়া সত্ত্বেও রাজ্য বামফ্রন্ট যদি তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেন,তবে সে দায় বামফ্রন্টের, বামফ্রন্ট স্থির করুক তাঁরা জোট করবেন কি করবেন না।” সোমেন মিত্র বলেন, “বামফ্রন্ট যদি জোটে আগ্রহী না হয় তবে কংগ্রেস একা লড়ার জন্যও প্রস্তুত আছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news